রাজশাহীতে গ্রাম পুলিশের স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবা উপজেলার হরিয়ান পূর্বপাড়া গ্রামে গ্রাম পুলিশের স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাকে রক্ষা করতে গিয়ে তার ছেলে গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর ক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্তের বাড়িতে আগুন ধরিয়ে দেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হরিয়ান পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফরিদা খাতুনের (৪০) স্বামী লালন শেখ হরিয়ান ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ। আহত ছেলে মো. ফয়সালকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রামেক হাসপাতালের পুলিশ বক্স জানিয়েছে, ফরিদা খাতুনকে মৃত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। আর আহত ফয়সাল চিকিৎসাধীন রয়েছেন।
হরিয়ান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাবের আলী পালু জানান, প্রাথমিকভাবে জানা গেছে, প্রতিবেশী মো. বাবুর ছেলে মো. পরশ (১৮) ফরিদা খাতুনকে ছুরিকাঘাত করেন। ঘটনার পর উত্তেজিত গ্রামবাসী অভিযুক্তের বাড়িতে আগুন ধরিয়ে দেন। তবে এর আগেই অভিযুক্তের পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যান।
তিনি আরও বলেন, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
রাজশাহীর কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কাদেরী জানান, তিনি ঘটনাস্থলে অবস্থান করছেন। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করে পরে জানানো হবে।




