মধ্যরাতে আবারও ভিডিওবার্তা নরেন্দ্র মোদির

প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে সমর্থন ও পরামর্শের জন্য তরুণদের ধন্যবাদ, কঠোর আইনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬; সময়: ১১:১০ am | 
খবর > আন্তর্জাতিক

পদ্মাটাইমস ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষাব্যবস্থার সংস্কার নিয়ে দেওয়া সাম্প্রতিক ভিডিওবার্তায় ইতিবাচক সাড়া দেওয়ায় দেশের তরুণদের ধন্যবাদ জানিয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) মধ্যরাতে ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি বলেন, শিক্ষার্থী ও তরুণদের মতামত, পরামর্শ এবং সমর্থন সরকারকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করছে।

ভিডিওবার্তায় মোদি বলেন, বন্ধুরা, ধন্যবাদ। গতরাতে আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। আপনারা আমার ভিডিওটি দেখে যেভাবে ইতিবাচক মতামত ও পরামর্শ দিয়েছেন, তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের ভালোবাসা ও সমর্থন যেন সবসময় আমাদের সঙ্গে থাকে। একই সঙ্গে ভিডিওটির ক্যাপশনেও তরুণদের মূল্যবান পরামর্শের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এর একদিন আগে প্রকাশিত আরেক ভিডিওবার্তায় প্রধানমন্ত্রী মোদি প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর আইন প্রণয়নের ঘোষণা দেন। সাম্প্রতিক নিট (এনইইটি) পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং দেশজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভের প্রেক্ষাপটে তিনি জানান, প্রশ্নপত্র ফাঁসের মতো অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠন এবং কঠোর শাস্তির বিধান রেখে একটি নতুন আইন আনার উদ্যোগ নিয়েছে সরকার।

মোদি বলেন, গত আড়াই মাসে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে একাধিক অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি প্রায় ২২ লাখ শিক্ষার্থী পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে এবং ১৯ জুলাই তাদের ফলাফল প্রকাশ করা হয়েছে।

তিনি আরও জানান, সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত বিচার ও কঠোর শাস্তির বিধানসংবলিত আইনের খসড়া প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রিসভার অনুমোদনের পর আগামী সপ্তাহেই বিলটি ভারতের সংসদে উপস্থাপনের চেষ্টা করা হবে।

প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা দেশের লাখো শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য গভীর উদ্বেগের কারণ উল্লেখ করে মোদি বলেন, পরীক্ষাব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন