বাগমারায় বিএনপি নেতার বাড়িতে বোমা হামলা, বিক্ষোভ

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬; সময়: ৫:২৯ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাকের বাড়িতে হাতবোমার হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত মধ্যরাতে উপজেলার চানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় কেউ হতাহত না হলেও ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, ঘটনাস্থলে একটি হাতবোমার বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। পাশাপাশি তিনটি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করা হয়েছে।

আব্দুর রাজ্জাক বলেন, হামলার কিছুক্ষণ আগেই তিনি ঢাকা থেকে বাড়িতে ফিরেছিলেন। হামলার পেছনে কী কারণ থাকতে পারে, তা তিনি নিশ্চিত নন। তাঁর দাবি, ব্যক্তিগতভাবে কারও সঙ্গে তাঁর কোনো বিরোধ নেই। তিনি আসন্ন পৌরসভা নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই রাজনীতি করছেন।

ঘটনার পর স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করে বিভিন্ন পোস্ট দেন। হামলার প্রতিবাদে শনিবার দুপুরে ভবানীগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয় থেকে বের হওয়া মিছিলটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গোডাউন মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

তবে বিএনপির এ অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি।

বাগমারা থানার ওসি জিল্লুর রহমান আরও জানান, শনিবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের হয়নি। অভিযোগ বা মামলা হলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন