রাজশাহীতে এসআইয়ের বিরুদ্ধে গাড়ি আত্মসাৎ ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬; সময়: ৬:১২ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাজুর বিরুদ্ধে ব্যক্তিগত গাড়ি আত্মসাৎ এবং গাড়ি ফেরত দেওয়ার শর্তে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। অভিযোগকারী দাবি করেছেন, পরিকল্পিতভাবে তাকে ফাঁদে ফেলে দীর্ঘদিন ধরে ভয়ভীতি প্রদর্শন, মানসিক নির্যাতন ও বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) রাজশাহী নগরীর বিভাগীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন। একই সঙ্গে তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

লিখিত বক্তব্যে অভিযোগকারী বলেন, ব্যবসায়িক সূত্রে পরিচিত এক নারীকে ব্যবহার করে এসআই রাজু তার বিরুদ্ধে একটি পরিকল্পিত চক্রান্ত করেন। ওই পরিকল্পনার অংশ হিসেবে কৌশলে তার মালিকানাধীন ব্যক্তিগত গাড়িটি আত্মসাৎ করা হয়। পরে গাড়িটি ফেরত দেওয়ার বিনিময়ে এসআই রাজু তার কাছে নগদ ৫ লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ করেন তিনি।

এছাড়া, গাড়ি ফেরত চাইলে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন, হুমকি এবং মানসিকভাবে হয়রানি করা হয় বলেও দাবি করেন অভিযোগকারী। দীর্ঘদিন কোনো প্রতিকার না পেয়ে এবং ন্যায়বিচারের আশায় তিনি গণমাধ্যমের শরণাপন্ন হয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানান।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্যের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ জনমনে উদ্বেগ সৃষ্টি করতে পারে। তাই ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে অভিযুক্ত এসআই রাজুসহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার এসআই রাজু তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র গাজিউর রহমান বলেন, অভিযোগটি তাদের নজরে এসেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরএমপি কমিশনার ফয়েজুল কবির বলেন, অভিযোগ সম্পর্কে তিনি অবগত রয়েছেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন