বাঘায় জমি বন্ধকের টাকা নিয়ে বিরোধ, ঘুষির আঘাতে প্রাণ গেল বৃদ্ধের

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬; সময়: ৯:২৯ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘা উপজেলায় জমি বন্ধকের পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের নিশ্চিতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ঝন্টু (৫৮) নিশ্চিতপুর গ্রামের মৃত মোজাহার হোসেনের ছেলে। অভিযুক্ত কালাম একই গ্রামের এরশাদ আলী প্রামানিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমি বন্ধকের পাওনা টাকা নিয়ে ঝন্টু ও কালামের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ রয়েছে, এ সময় কালামের ঘুষির আঘাতে ঝন্টু ছিটকে গিয়ে বাড়ির দেয়ালে আঘাত পান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় শিক্ষক আলাউদ্দিন জানান, ঝন্টু আগে থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তার শারীরিক অবস্থার কারণে আঘাতের চাপ সহ্য করতে পারেননি বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতির কথা জানানো হয়েছে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে শনিবার বিকেলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত কালাম ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন