নির্বাচনি প্রচারে পোস্টার নিষিদ্ধ

প্রকাশিত: জুন ১৯, ২০২৫; সময়: ৮:৩৪ pm | 
খবর > নির্বাচন

পদ্মাটাইমস ডেস্ক : ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশন (ইসি) ‘রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা ২০২৫’ চূড়ান্ত করেছে। বৃহস্পতিবার সকালে রাজধানীতে অনুষ্ঠিত সপ্তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিধিমালা অনুযায়ী, এবার নির্বাচনি প্রচারে পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। লঙ্ঘনের ক্ষেত্রে সর্বোচ্চ দেড় লাখ টাকা জরিমানা এবং গুরুতর অপরাধে প্রার্থিতা বাতিলের বিধান রাখা হয়েছে। প্রার্থীদের ইশতেহার একসঙ্গে ঘোষণা করা হবে এবং প্রচারে পরিবেশবান্ধব সামগ্রীর ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “এবার বিলবোর্ড ব্যবহারের সুযোগ থাকলেও পোস্টার বন্ধ থাকবে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিদেশি বিনিয়োগ নিয়ে নিষেধাজ্ঞা রয়েছে।” এছাড়া মাইকে প্রচারের শব্দ মাত্রা সর্বোচ্চ ৬০ ডেসিবেল সীমিত রাখা হবে।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কোনো প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নিতে পারবেন না। প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে থাকা সভাপতি বা সদস্যদের পদত্যাগ করতে হবে।

নির্বাচন কমিশন দলের কাছ থেকে আচরণবিধি মেনে চলার অঙ্গীকারনামাও নেবে। গুরুতর লঙ্ঘনের ক্ষেত্রে আরপিওতে প্রার্থিতা বাতিলের বিধান নতুন করে যুক্ত হয়েছে।

সভায় সংসদীয় আসনের সীমানা নির্ধারণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যায়নি, আগামী সপ্তাহে তা চূড়ান্ত করার আশা প্রকাশ করা হয়। এখন পর্যন্ত ৭৫টি সংসদীয় আসনে প্রায় ৬০০ আবেদন জমা পড়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন