বাংলাদেশের রপ্তানি পণ্যে যুক্তরাষ্ট্রের ২০% পাল্টা শুল্ক
নতুন শুল্ক হার ১ আগস্ট থেকে কার্যকর হয়েছে। এর ফলে বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানির সময় এখন গড়ে ১৫% স্বাভাবিক শুল্কের সঙ্গে যুক্ত হবে ২০% পাল্টা শুল্ক, অর্থাৎ মোট ৩৫% শুল্ক দিতে হবে।

পদ্মাটাইমস ডেস্ক: বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ২০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে নতুন এ শুল্ক ঘোষণা করা হয়।
এর আগে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে চিঠি দিয়ে জানায়, ৩৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করা হবে। নতুন আদেশে সেই হার ১৫ শতাংশ কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে।
হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত আদেশ অনুযায়ী, বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান ১৯%, আফগানিস্তান ১৫%, ভারত ২৫%, ব্রাজিল ১০%, ইন্দোনেশিয়া ১৯%, মালয়েশিয়া ১৯%, মিয়ানমার ৪০%, ফিলিপাইন ১৯%, শ্রীলঙ্কা ২০% এবং ভিয়েতনামের ওপর ২০% পাল্টা শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন।
পাল্টা শুল্কের আলোচনায় অংশ নিতে বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছে। দলটির নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সঙ্গে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্যসচিব মাহবুবুর রহমান এবং অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী। তারা তিন দিন ধরে মার্কিন বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) সঙ্গে আলোচনা করছেন।
নতুন শুল্ক হার ১ আগস্ট থেকে কার্যকর হয়েছে। এর ফলে বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানির সময় এখন গড়ে ১৫% স্বাভাবিক শুল্কের সঙ্গে যুক্ত হবে ২০% পাল্টা শুল্ক, অর্থাৎ মোট ৩৫% শুল্ক দিতে হবে।




