রামেকে টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের কর্মবিরতি, রোগীরা ভোগান্তিতে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে পদোন্নতির দাবিতে টানা তৃতীয় দিনের মতো অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এই কর্মসূচির কারণে রোগীরা ব্যাপক ভোগান্তিতে পড়েন।
কর্মবিরতির কারণে রক্ত পরীক্ষা, এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআইসহ গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষা চার ঘণ্টা বন্ধ থাকে। বিশেষ করে ভর্তি রোগী ও বহির্বিভাগে সেবা নিতে আসা মানুষদের মধ্যে চরম হতাশা দেখা দেয়।
আন্দোলনকারীরা জানান, পদ সৃষ্টির পর থেকে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের জন্য কোনো পদোন্নতির সুযোগ দেওয়া হয়নি। বহুবার আশ্বাস দেওয়া হলেও মন্ত্রণালয় তা বাস্তবায়ন করেনি। সংশ্লিষ্ট দপ্তর ও মন্ত্রণালয়ে বিষয়টি উপস্থাপন করা হলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণে দাবি বাস্তবায়ন স্থবির হয়ে আছে।
তারা আরও হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত দাবি না মানলে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালিত হবে। এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের অনেক কর্মীও অংশগ্রহণ করেছেন।
এর আগে গত দুই দিনও একই দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করা হয়েছিল।




