ধানের শীষে ভোট দিয়ে উন্নয়নের পথ খোলার আহ্বান মিলনের

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিন দিন বাকি থাকা অবস্থায় পবা-মোহনপুর আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন রবিবার সকালে মোহনপুর উপজেলার বাগশিমইল ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও পথসভা পরিচালনা করেছেন। তিনি নির্বাচনের নামে চলমান নানা ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক করে ভোটারদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
গণসংযোগকালে মিলন বলেন, “কিছু মহল নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে নেওয়ার জন্য নানামুখী ষড়যন্ত্র করছে। এমনকি সরকারি প্রিজাইডিং ও পোলিং অফিসারদের মাধ্যমে ফলাফল পরিবর্তনের চেষ্টা হচ্ছে বলে শোনা যাচ্ছে। তবে জনগণ এসব মানবে না। ভোট প্রদান শেষে সবাই সঠিক ফলাফল নিয়ে ঘরে ফিরবেন।”
তিনি আরও সতর্ক করেছেন যে, জামায়াতে ইসলামী তথাকথিত ‘বোরকা বাহিনী’ নামিয়ে ভোট প্রভাবিত করার চেষ্টা করতে পারে এবং অতিরিক্ত ব্যালট নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের ষড়যন্ত্র চলছে। তবে মিলন বলেন, “বুথে আমাদের কঠোর এজেন্টরা এসব প্রতিহত করবে। বিএনপির গণজোয়ার দেখলে দেশের বিরোধী একটি দল মাথা খারাপ হয়ে গেছে। তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে পারবে না।”
মিলন ভোটারদের উদ্দেশে বলেন, “বিএনপি জনগণের দল। যারা ক্ষমতায় আসবে, তারা অন্যায়, অত্যাচার ও নির্যাতন বন্ধ করবে এবং দেশের উন্নয়ন চাকা সচল রাখবে। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করবেন।”
তিনি পদ্মা নদী রক্ষা, পদ্মা অববাহিকার কৃষি বাঁচানো, রাজশাহীতে কৃষি হাব ও ইপিজেড স্থাপন এবং নারীদের ক্ষমতায়ন, ফ্যামিলি কার্ড বিতরণ, কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষিঋণ মওকুফের ঘোষণার মতো প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।
মিলন নারীদের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করে বলেন, “নারীদের পরম সম্মানীয় হিসেবে দেখার পাশাপাশি তাদের অর্থনৈতিক ও সামাজিক স্বাবলম্বিতা নিশ্চিত করা হবে। এছাড়া শিক্ষার ধারাবাহিকতা বজায় রেখে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে, যাতে দক্ষ খেলোয়াড় তৈরি হয়।”
স্থানীয় উন্নয়ন সংক্রান্ত প্রতিশ্রুতি দেন মিলন, তিনি জানান, নির্বাচিত হলে পবা-মোহনপুরের সব রাস্তাঘাট মেরামত ও নতুন রাস্তা নির্মাণ করা হবে। যুবসমাজকে শিক্ষার মাধ্যমে সক্ষম করে বেকারত্ব ও মাদক সমস্যা দূর করা হবে।
তিনি আবারও আগামী ১২ ফেব্রুয়ারি ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামীমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা মামুন, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দের জামানি সুমন, বিএনপি নেতা আব্দুল কাদের, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মির্জা শওকত, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।




