ইরানে ৪৮ নেতা নিহতের খবর জানালেন ডনাল্ড ট্রাম্প

প্রকাশিত: মার্চ ২, ২০২৬; সময়: ১২:৫৭ am | 
খবর > আন্তর্জাতিক

পদ্মাটাইমস ডেস্ক: ইরানে চলমান সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ অত্যন্ত সফলভাবে এগিয়ে চলছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ একটি হামলাতেই ইরানের ৪৮ জন নেতা নিহত হয়েছেন।

রোববার যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে এ দাবি করেন ট্রাম্প। Fox News-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “এক আঘাতেই ৪৮ জন (ইরানি) নেতা খতম হয়ে গেছেন। ইরানে এই অভিযান দ্রুতগতিতে এগিয়ে চলছে। আমাদের এই সাফল্য কেউই বিশ্বাস করতে পারবে না।”

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর দেশটির নতুন নেতৃত্ব যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহ দেখিয়েছে বলেও জানান ট্রাম্প। তিনি বলেন, “তারা কথা বলতে চায়। আমিও কথা বলতে রাজি হয়েছি। তাদের সঙ্গে কথা বলব।”

CNBC-কে দেওয়া আরেক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্রের অভিযান খুব ভালোভাবেই চলছে, এমনকি আমাদের নির্ধারিত সময়ের চেয়েও এগিয়ে। আমরা এই কাজ শুধু নিজেদের জন্য করছি না, বরং পুরো বিশ্বের জন্যই করছি।”

এদিকে MSNBC-এর সঙ্গে আলাপকালে ট্রাম্প দাবি করেন, খামেনির মৃত্যুর পর যুক্তরাষ্ট্রে বসবাসরত ইরানি প্রবাসীদের উল্লাস করতে দেখেছেন তিনি। বিশেষ করে লস অ্যাঞ্জেলেস-এ আনন্দঘন পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, “আমি মনে করি এটি চমৎকার ব্যাপার।”

অন্যদিকে The Atlantic ট্রাম্পকে উদ্ধৃত করে জানিয়েছে, ইরানের নতুন নেতৃত্ব আলোচনায় আগ্রহী। তবে আলোচনা কখন, কোথায় এবং কীভাবে হবে- সে বিষয়ে নির্দিষ্ট কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট।

এ বিষয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, সম্ভাব্য আলোচনার সময় ও স্থান নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

ট্রাম্প আরও বলেন, “যা অত্যন্ত বাস্তবসম্মত ও সহজ, সেটি তাদের আগেই করা উচিত ছিল। তারা অনেক বেশি দেরি করে ফেলেছে।”

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন