রামেক পরিচালকের ফাঁসি হওয়া উচিত: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬; সময়: ৯:৫২ pm | 
খবর > লিড

পদ্মাটাইমস ডেস্ক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আইসিইউ ও ভেন্টিলেটর সংকটে শিশু মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, পরিস্থিতি সম্পর্কে আগাম অবহিত না করায় হাসপাতালের পরিচালকের কঠোর শাস্তি হওয়া উচিত।

শনিবার রাজধানীর শাহবাগে আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশের আয়োজিত ‘সিএমই অন মেডিকেল এথিকস’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “১১ দিনে ৩৩ জন শিশু মারা গেছে। অথচ রাজশাহীর পরিচালক আমাদের জানাননি যে সেখানে ভেন্টিলেটর বা নিউনেটাল ভেন্টিলেটর নেই। এমন দায়িত্বহীনতার জন্য কঠোর জবাবদিহি হওয়া উচিত।”

তিনি জানান, বিষয়টি জানার পর তিনি রামেক পরিচালকের সঙ্গে কথা বলেন। তখন পরিচালক গণমাধ্যমের প্রতিবেদনের বিষয়ে আপত্তি তুললেও পরবর্তীতে দেওয়া প্রতিবেদনে কোনো তথ্য খণ্ডন করতে পারেননি।

এদিন একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, হামের উপসর্গ নিয়ে ভর্তি গুরুতর অসুস্থ শিশুদের অনেককেই সাধারণ ওয়ার্ডে রাখতে হচ্ছে। ১ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত ৮৪ জন শিশুকে আইসিইউতে নেওয়ার সুপারিশ করা হলেও পর্যাপ্ত সুবিধার অভাবে অনেকে সেই সেবা পায়নি।

আইসিইউ সংকট মোকাবিলায় জরুরি উদ্যোগের কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, সরকারি প্রক্রিয়ায় দ্রুত সরঞ্জাম সংগ্রহ কঠিন হওয়ায় ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে জরুরি ভিত্তিতে তিনটি ভেন্টিলেটর সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা সেগুলো সংগ্রহ করে দ্রুত হাসপাতালে পৌঁছে দেবেন।

স্বাস্থ্য খাতের উন্নয়নে চিকিৎসকদের সমন্বিত সহযোগিতা কামনা করে মন্ত্রী বলেন, “আপনারা সহযোগিতা না করলে এই বিশাল খাত থেকে মানুষের সেবা দেওয়া কঠিন। সবাই একসঙ্গে কাজ করলে সততা ও নিষ্ঠার সঙ্গে লক্ষ্যে পৌঁছানো সম্ভব।”

তিনি আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতি ও অনিয়মমুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছেন। চিকিৎসকদের সম্মানজনক অবস্থানে নিয়ে যাওয়া গেলে তা দেশের কোটি মানুষের উপকারে আসবে।

অনুষ্ঠানে চিকিৎসাক্ষেত্রে নৈতিকতার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. মনির হোসেন খানসহ জ্যেষ্ঠ ও নবীন চিকিৎসকেরা।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন