উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীর ৫৩ শতাংশই তরুণ

প্রকাশিত: মে ১৮, ২০২৬; সময়: ২:২২ am | 
খবর > শীর্ষ সংবাদ

পদ্মাটাইমস ডেস্ক : তরুণদের মধ্যে উচ্চ রক্তচাপে আক্রান্তের হার উদ্বেগজনকভাবে বাড়ছে। চিকিৎসা নিতে আসা উচ্চ রক্তচাপের রোগীদের প্রায় ৫৩ শতাংশই তরুণ। তাদের বড় একটি অংশ আগে জানতেন না যে তারা উচ্চ রক্তচাপে ভুগছেন। শরীরে জটিলতা দেখা দেওয়ার পর কিংবা অন্য রোগের চিকিৎসা নিতে গিয়ে ধরা পড়ছে এই নীরব ঘাতক।

চট্টগ্রামের সরকারি-বেসরকারি চার হাসপাতালে গত এক বছরে চিকিৎসা নিতে আসা তিন হাজার রোগীর তথ্য বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে। এতে দেখা যায়, আক্রান্তদের ৫২ দশমিক ৮৩ শতাংশের বয়স ৩০ বছরের নিচে। অনেকের শরীরে দৈনিক লবণ গ্রহণের পরিমাণ ছিল ৭ থেকে ৯ গ্রাম পর্যন্ত, যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) দৈনিক সর্বোচ্চ ৫ গ্রাম লবণ খাওয়ার পরামর্শ দেয়।

বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত লবণ গ্রহণের পাশাপাশি অনিয়ন্ত্রিত মানসিক চাপ, শারীরিক পরিশ্রম কমে যাওয়া, অনিয়মিত ঘুম এবং প্রযুক্তিনির্ভর জীবনযাপন তরুণদের উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়াচ্ছে। চিপস, চানাচুর, ইনস্ট্যান্ট নুডলস, আচার, স্যুপ ও প্রক্রিয়াজাত খাবারের মাধ্যমে অজান্তেই শরীরে অতিরিক্ত সোডিয়াম প্রবেশ করছে। অনেকেই খাবারের সঙ্গে আলাদা লবণ খাওয়ার অভ্যাসও বজায় রেখেছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, মা ও শিশু হাসপাতাল এবং পার্কভিউ হাসপাতালের চিকিৎসকদের তথ্য অনুযায়ী, গ্রামাঞ্চল ও কম শিক্ষিত মানুষের মধ্যে অতিরিক্ত লবণ গ্রহণের প্রবণতা বেশি। খোলা লবণের কম দামও এ ক্ষেত্রে ভূমিকা রাখছে। অনেক খেটে খাওয়া মানুষ কম দামের খোলা লবণ ব্যবহার করছেন, যা স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে বলে মত চিকিৎসকদের।

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আহাম্মদ মনজুরুল আজিজ বলেন, শহরের পাশাপাশি গ্রামেও জাঙ্ক ফুড গ্রহণ ও আয়েশি জীবনযাপন বাড়ছে। তবে গ্রামে রোগ নির্ণয়ের হার এখনও কম। তিনি রক্তচাপ মাপার যন্ত্রের মান নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. নূর-আ-আলম খান বলেন, অপর্যাপ্ত ও অনিয়মিত ঘুম শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট করে। অতিরিক্ত স্ক্রিন টাইমের কারণে মেলাটোনিন হরমোনের স্বাভাবিক নিঃসরণ কমে যায়, যা দীর্ঘমেয়াদে উচ্চ রক্তচাপ, স্থূলতা ও মানসিক চাপের ঝুঁকি বাড়ায়।

মুগদা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. শাহাবুল হুদা চৌধুরী জানান, বিশ্বে বর্তমানে প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন মানুষ উচ্চ রক্তচাপে আক্রান্ত। বাংলাদেশে ১৮ বছরের বেশি বয়সী প্রায় ২০ শতাংশ মানুষ এ রোগে ভুগছেন। দিন দিন তরুণদের আক্রান্ত হওয়ার হার বাড়ছে।

চিকিৎসকদের মতে, উচ্চ রক্তচাপ সাধারণত কোনো উপসর্গ ছাড়াই শরীরে বাসা বাঁধে। পরে হৃদরোগ, স্ট্রোক, কিডনি জটিলতা কিংবা হার্ট অ্যাটাকের মতো বড় বিপদের মাধ্যমে বিষয়টি ধরা পড়ে। তাই ১৮ বছর বয়সের পর নিয়মিত রক্তচাপ পরীক্ষা, পরিমিত খাদ্যাভ্যাস, লবণ কম খাওয়া, প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলা এবং নিয়মিত শরীরচর্চার ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন