যে কারণে বাড়ছে কিডনি রোগের ঝুঁকি

পদ্মাটাইমস ডেস্ক : বায়ুদূষণের সঙ্গে গুরুতর কিডনি রোগের সরাসরি সম্পর্ক রয়েছে বলে নতুন এক গবেষণায় উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। গবেষকরা বলছেন, দীর্ঘদিন দূষিত বাতাসে বসবাস করলে কিডনি বিকল হওয়া, হাসপাতালে ভর্তি হওয়া এবং প্রাণঘাতী জটিলতার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে।
ব্রাজিলের সাও পাওলোতে ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত পরিচালিত গবেষণায় প্রায় ৩৭ হাজার মানুষের স্বাস্থ্য তথ্য বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, বায়ুদূষণের কারণে দীর্ঘমেয়াদি কিডনি রোগ, আকস্মিক কিডনি বিকল হওয়া এবং কিডনি সংক্রান্ত হাসপাতালে ভর্তির হার বেড়ে যাওয়ার মধ্যে সরাসরি সম্পর্ক রয়েছে।
গবেষণায় আরও দেখা গেছে, ১৯ থেকে ৫০ বছর বয়সীদের মধ্যেও দূষণের প্রভাবে কিডনি রোগের ঝুঁকি বাড়ছে। তবে ৫১ থেকে ৭৫ বছর বয়সীদের ক্ষেত্রে এ ঝুঁকি প্রায় আড়াই গুণ বেশি। পাশাপাশি নারীদের তুলনায় পুরুষদের হাসপাতালে ভর্তি হওয়ার হারও বেশি পাওয়া গেছে।
গবেষক দলের অধ্যাপক লুসিয়া আন্দ্রাদে জানান, দূষিত বাতাসের সূক্ষ্ম কণাগুলো রক্তের মাধ্যমে শরীরে প্রবেশ করে কিডনির টিস্যুতে জমা হতে পারে। এতে শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা সক্রিয় হয়ে প্রদাহ, ফাইব্রোসিস এবং কিডনি কোষের অকাল বার্ধক্য সৃষ্টি করে।
বিশেষজ্ঞদের মতে, কিডনি রোগ অনেক সময় নীরবে ধীরে ধীরে বাড়তে থাকে। ফলে অনেক রোগী গুরুতর অবস্থায় পৌঁছানোর আগ পর্যন্ত বুঝতেই পারেন না যে তারা কিডনি সমস্যায় আক্রান্ত।
গবেষণায় আরও উল্লেখ করা হয়, সাও পাওলোতে গবেষণাকালীন সময়ে গড় বায়ুদূষণের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্ধারিত সীমার প্রায় তিন গুণ বেশি ছিল। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, দূষণের মাত্রা তুলনামূলক কম হলেও কিডনি রোগের ঝুঁকি থেকেই যায়।
গবেষণার প্রধান লেখক ডা. ইয়ারা দা সিলভা বলেন, আন্তর্জাতিক মান অনুযায়ী গ্রহণযোগ্য বায়ুর মান বজায় থাকলেও কিডনি সংক্রান্ত হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা ঘটতে পারে। তাই বায়ুদূষণ কমাতে আরও কঠোর পরিবেশ ও জনস্বাস্থ্য নীতিমালা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। সূত্র- সামা টিভি




