ছয় দফা দাবিতে রামেকে ইন্টার্নদের কর্মবিরতি

প্রকাশিত: জুন ৭, ২০২৬; সময়: ৩:২০ pm | 
খবর > লিড

নিজস্ব প্রতিবেদক: ছয় দফা দাবি আদায়ে সারাদেশের সঙ্গে একযোগে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। রোববার সকাল থেকে রামেক ইন্টার্ন চিকিৎসক পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

বেলা সোয়া ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে প্রায় ২২০ জন ইন্টার্ন চিকিৎসক অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন। এ সময় তারা তাদের ঘোষিত ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন তারা।

ইন্টার্ন চিকিৎসকদের দাবির মধ্যে রয়েছে- ইন্টার্ন ভাতা ৩০ হাজার টাকায় উন্নীত করা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছরের বাধ্যতামূলক শিক্ষানবীশকাল (অ্যাপ্রেন্টিসশিপ) বাতিল করা, বিসিএস পরীক্ষায় চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করা এবং চিকিৎসকদের পেশাগত সুযোগ-সুবিধা সংক্রান্ত অন্যান্য দাবি।

এদিকে কর্মবিরতির কারণে হাসপাতালের সেবাকার্যক্রমে যাতে বড় ধরনের বিঘ্ন না ঘটে, সে লক্ষ্যে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. শংকর কে. বিশ্বাস বলেন, “ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতিতে থাকলেও অধ্যাপক ও সহযোগী অধ্যাপকদের সমন্বয়ে বিশেষ ব্যবস্থায় রোগীদের চিকিৎসাসেবা চালু রাখা হয়েছে। জরুরি ও গুরুত্বপূর্ণ সেবাগুলো সচল রয়েছে।”

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছিলেন ইন্টার্ন চিকিৎসকরা। দাবিগুলো বাস্তবায়নে অগ্রগতি না হওয়ায় রোববার থেকে সারাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে একযোগে লাগাতার কর্মবিরতির ডাক দেয় ইন্টার্ন চিকিৎসক ফোরাম। এর অংশ হিসেবেই রামেক হাসপাতালেও কর্মবিরতি শুরু হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন