রাজশাহীতে মিছিল করায় নিষিদ্ধ ছাত্রলীগের ২ জন গ্রেপ্তার

প্রকাশিত: জুন ৭, ২০২৬; সময়: ৭:৫৭ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে মিছিল করার অভিযোগে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তার ব্যক্তিরা সংগঠনের কোন পর্যায়ের নেতা বা কর্মী ছিলেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য জানাতে পারেনি পুলিশ।

গ্রেপ্তাররা হলেন নগরের রাজপাড়া থানার কেশবপুর এলাকার মো. শিমুল ওরফে রাকেশ (২৭) এবং ডিঙ্গাডোবা নিমতলা এলাকার রাকিবুল ইসলাম ওরফে রাতুল (২১)।

রোববার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের গ্রেপ্তারের বিষয়টি জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।

পুলিশের দাবি, সরকারবিরোধী ষড়যন্ত্র, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির উদ্দেশ্যে ওই মিছিলের আয়োজন করা হয়েছিল। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২ জুন দুপুরে নগরের সিটিহাট এলাকায় জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের সামনে থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতাকর্মী মিছিল বের করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

ঘটনার পর শাহমখদুম থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়। মামলায় সাতজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২২ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ভিডিও ফুটেজ, স্থিরচিত্র ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের কাজ চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন