স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: আড়াই ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর মতিহার এলাকায় এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে গুরুতর আহত করার ঘটনায় সামিউল সিরাজ সিজান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বোয়ালিয়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৭ জুন) বেলা ১১টার দিকে এসএসসি পরীক্ষার্থী ওই ছাত্রী তার দুই বান্ধবীকে সঙ্গে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। পথে তালাইমারী প্রিন্সিপালপাড়া এলাকার ডায়মন্ড টাওয়ারের সামনে পৌঁছালে অভিযুক্ত সামিউল সিরাজ তাদের পথরোধ করেন।
অভিযোগ রয়েছে, পূর্ববিরোধের জেরে তিনি ওই ছাত্রীকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করেন। এতে শিক্ষার্থীর হাত ও পেটের এক পাশে গুরুতর জখম হয়। ঘটনার পর অভিযুক্ত দ্রুত পালিয়ে যান। পরে আহত ছাত্রীর দুই বান্ধবী তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন।
খবর পেয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য একাধিক টিমকে নির্দেশনা দেন।
পুলিশ কমিশনারের নির্দেশনায় অভিযান চালিয়ে বোয়ালিয়া থানা পুলিশ একই দিন সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে টিকাপাড়া বাসার রোড এলাকা থেকে সামিউল সিরাজকে গ্রেপ্তার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।




