বিএনপির ৮২ কমিটির ৭২টিই মেয়াদোত্তীর্ণ

প্রকাশিত: জুন ১৪, ২০২৬; সময়: ১:৫৪ pm | 
খবর > রাজনীতি

পদ্মাটাইমস ডেস্ক : জাতীয় নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করলেও সাংগঠনিক কার্যক্রমে পিছিয়ে পড়ছে বিএনপি। দলটির সারাদেশের ৮২টি সাংগঠনিক ইউনিটের মধ্যে ৭২টিরই মেয়াদ শেষ হয়ে গেছে। নীতিনির্ধারকরা রাষ্ট্র পরিচালনায় ব্যস্ত থাকায় তৃণমূলে সাংগঠনিক তৎপরতা অনেকটাই কমে গেছে বলে অভিযোগ রয়েছে। ফলে দল ও সরকারের সামনে ভবিষ্যতে চ্যালেঞ্জ তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন নেতাকর্মীরা।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির ৮২টি জেলা ও মহানগর কমিটির মধ্যে ৪৯টি আহ্বায়ক কমিটি এবং ৩১টি পূর্ণাঙ্গ কমিটি রয়েছে। এর মধ্যে মাত্র ৮টি কমিটির মেয়াদ কার্যকর রয়েছে। শেরপুর জেলা কমিটি স্থগিত এবং চট্টগ্রাম উত্তর জেলা কমিটি বিলুপ্ত অবস্থায় রয়েছে।

দলের গঠনতন্ত্র অনুযায়ী, প্রতিটি জেলা ও মহানগর কমিটির মেয়াদ দুই বছর। মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠন বাধ্যতামূলক। তবে বাস্তবে অধিকাংশ ইউনিটেই বছরের পর বছর ধরে নতুন কমিটি গঠন করা হয়নি।

এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “মাত্র তো আমরা ক্ষমতায় এসেছি। একটু গুছিয়ে খুব শিগগিরই সাংগঠনিক তৎপরতা শুরু করা হবে।”

বিএনপির নেতারা জানান, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর দল পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাউন্সিলভিত্তিক কমিটি গঠনের নির্দেশনা দেন। সে সময় বেশিরভাগ জেলা কমিটি ভেঙে দিয়ে তিন মাসের জন্য আহ্বায়ক কমিটি করা হলেও অনেক ক্ষেত্রেই সেই কমিটিগুলো এখনও বহাল রয়েছে।

গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ২০১৭ সাল থেকেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। একইভাবে নড়াইল, কিশোরগঞ্জ ও কক্সবাজার জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিও দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ অবস্থায় রয়েছে।

রাজশাহী বিভাগের ৯টি সাংগঠনিক ইউনিটের কোনোটিরই কার্যকর মেয়াদ নেই। ২০১৯ সালে গঠিত রাজশাহী মহানগর বিএনপির কমিটি পুনর্গঠনের জন্য গত বছর সম্মেলন প্রস্তুতি কমিটি করা হলেও এখন পর্যন্ত কাউন্সিলের কোনো অগ্রগতি হয়নি।

ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ১৭টি সাংগঠনিক ইউনিটের একটিরও মেয়াদ নেই। মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ঢাকা ও নরসিংদী জেলা কমিটিগুলোও দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ অবস্থায় রয়েছে।

চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের ১৫টি সাংগঠনিক ইউনিটের মধ্যে কেবল ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির মেয়াদ রয়েছে। চাঁদপুর, রাঙামাটি ও কক্সবাজারসহ অধিকাংশ জেলা কমিটির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে। অভ্যন্তরীণ কোন্দলের কারণে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হলেও এখনো নতুন কমিটি ঘোষণা করা হয়নি।

খুলনা বিভাগের ১১টি জেলার মধ্যে সাম্প্রতিক সময়ে যশোর, খুলনা মহানগর ও চুয়াডাঙ্গায় কাউন্সিল অনুষ্ঠিত হলেও অন্য অধিকাংশ জেলা কমিটি মেয়াদোত্তীর্ণ। বরিশাল বিভাগের ৮টি ইউনিটের মধ্যে কেবল পটুয়াখালী জেলা কমিটির মেয়াদ রয়েছে। বরগুনাসহ কয়েকটি জেলায় তৃণমূলের কমিটি বিলুপ্ত করা হলেও পুনর্গঠন প্রক্রিয়া এখনও শুরু হয়নি।

রংপুর বিভাগের ১০টি এবং সিলেট বিভাগের ৫টি সাংগঠনিক ইউনিটের বেশিরভাগ কমিটির মেয়াদ শেষ হয়েছে। ঠাকুরগাঁও, দিনাজপুর, সৈয়দপুর, সিলেট জেলা ও মহানগরসহ বিভিন্ন ইউনিটে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠিত হলেও সেগুলোর মেয়াদও এখন শেষ।

অন্যদিকে ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি নির্বাচনী সংঘাতের জেরে স্থগিত রয়েছে। জামালপুর ও নেত্রকোনা ছাড়া বিভাগের অন্য কোনো জেলা কমিটির কার্যকর মেয়াদ নেই।

দলের একাধিক নেতা মনে করছেন, দীর্ঘদিন ধরে সাংগঠনিক কাঠামো পুনর্গঠন না হওয়ায় তৃণমূল পর্যায়ে নেতৃত্বের সংকট তৈরি হচ্ছে। সরকারের দায়িত্ব পালনের পাশাপাশি দলকে সক্রিয় রাখতে দ্রুত কাউন্সিল ও নতুন কমিটি গঠনের ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন