দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর

পদ্মাটাইমস ডেস্ক : পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে দুবাই পুলিশ।
রোববার (১৪ জুন) পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে বেনজীর আহমেদ দুবাই পুলিশের হেফাজতে রয়েছেন। তাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করবে দুদক। বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গত ১২ জুন এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং অর্থ পাচারের অভিযোগে মামলা দায়ের করা হয়। পরে ২০২৬ সালের ৮ মার্চ ঢাকার একটি আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালত তাকে বিদেশে অবস্থানরত উল্লেখ করে ইন্টারপোলের মাধ্যমে পরোয়ানা কার্যকরের নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় ইন্টারপোলের সহায়তায় দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এর আগে, ২০২৪ সালের ৪ মে স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন বেনজীর আহমেদ। পরবর্তীতে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে তদন্ত শুরু করে দুদক।
উল্লেখ্য, বেনজীর আহমেদ ২০২০ সালের এপ্রিলে বাংলাদেশ পুলিশের আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০২১ সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।




