ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের সব নিয়োগ বাতিল

পদ্মাটাইমস ডেস্ক : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংকটির পরিচালনা পর্ষদের যাবতীয় ক্ষমতা ও দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (১৪ জুন) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা ও ৪৭(৩) ধারায় অর্পিত ক্ষমতাবলে এবং ব্যাংক, আমানতকারী ও জনস্বার্থে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনটির ৪৭(৩) ধারার আওতায় নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পরিচালনা পর্ষদের সব ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
এর আগে রোববার বাংলাদেশ ব্যাংক থেকে আড়াই হাজার কোটি টাকার তারল্য সহায়তা পায় ইসলামী ব্যাংক। সন্ধ্যায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে প্রায় তিন ঘণ্টার বৈঠক শেষে ব্যাংকটির প্রতিনিধিরা সাংবাদিকদের ব্রিফ করেন। তবে ওই বৈঠকের কয়েক ঘণ্টা পরই পরিচালনা পর্ষদ বাতিলের ঘোষণা আসে।
ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলতাফ হোসেন গ্রাহকদের আশ্বস্ত করে বলেন, এখন থেকে নিরবচ্ছিন্নভাবে টাকা উত্তোলন করা যাবে। ডিজিটাল ব্যাংকিং সেবা ও চেক নগদায়নেও কোনো সমস্যা হবে না।
তিনি জানান, বর্তমানে আমানত জমা ও উত্তোলনের পরিমাণ প্রায় সমান। প্রতিদিন প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা জমা হচ্ছে এবং একই পরিমাণ অর্থ উত্তোলন করা হচ্ছে। পাশাপাশি প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স সেবায় যাতে কোনো ধরনের ভোগান্তি না হয়, সেদিকেও বিশেষ নজর রাখা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মাসের প্রথম নয় দিনে ইসলামী ব্যাংক থেকে প্রায় ৬ হাজার কোটি টাকা আমানত উত্তোলন করেছেন গ্রাহকেরা। টাকা উত্তোলনের চাপ বাড়ায় গত দুই দিনে কয়েকটি শাখা ও এটিএম বুথে নগদ অর্থের সংকট দেখা দেয়। এ পরিস্থিতিতে ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়ে আবেদন করে ব্যাংকটি।
আবেদন পর্যালোচনা শেষে রোববার দুপুরে আড়াই হাজার কোটি টাকা ঋণ হিসেবে তারল্য সহায়তা দেয় বাংলাদেশ ব্যাংক। পরে বিকেলে ইসলামী ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে গভর্নর মোস্তাকুর রহমান সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং গ্রাহকদের আমানত নিরাপদ রয়েছে বলে পুনর্ব্যক্ত করেন।




