আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার

প্রকাশিত: জুন ৪, ২০২৬; সময়: ৭:৫৪ pm | 
খবর > অর্থনীতি

পদ্মাটাইমস ডেস্ক: প্রান্তিক গ্রাহকদের স্বস্তি দিয়ে আবাসিক পর্যায়ে ৭৫ ইউনিট পর্যন্ত (লাইফলাইন) বিদ্যুতের বাড়তি মূল্য প্রত্যাহার করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে ০ থেকে ৫০ এবং ০ থেকে ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারী গ্রাহকরা আগের নির্ধারিত মূল্যে বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় বিইআরসি।

এর আগে বিদ্যুতের পুনর্নির্ধারিত ট্যারিফ পুনর্বিবেচনার জন্য বিইআরসিকে অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ। পরবর্তীতে কমিশনের সিদ্ধান্তে প্রান্তিক গ্রাহকদের জন্য বাড়তি মূল্য কার্যকর না রাখার সিদ্ধান্ত আসে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর বিভিন্ন গ্রাহকশ্রেণির খুচরা মূল্যহার পরিবর্তনের প্রস্তাব পাওয়ার পর ২০ ও ২১ মে গণশুনানি গ্রহণ করে বিইআরসি। পরে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও খুচরা পর্যায়ের মূল্যহার পুনর্নির্ধারণ করা হয়।

তবে নতুন ট্যারিফে প্রান্তিক (লাইফলাইন) গ্রাহকদের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) প্রস্তাবিত মূল্যহার পুরোপুরি প্রতিফলিত হয়নি বলে জানায় বিদ্যুৎ বিভাগ। এতে নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর ওপর বাড়তি চাপ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।

এ অবস্থায় বিষয়টি পুনর্বিবেচনার জন্য বিদ্যুৎ বিভাগ বিইআরসিকে চিঠি দেয়। সরকারের নীতিগত অবস্থান ও প্রান্তিক গ্রাহকদের স্বার্থ বিবেচনায় কমিশন ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি মূল্য প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। ফলে স্বল্প ব্যবহারের আবাসিক গ্রাহকদের জন্য পূর্বের ট্যারিফই বহাল থাকছে বলে জানানো হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন