সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়ে ১২ হাজার ৬৭৮ কোটি টাকা

পদ্মাটাইমস ডেস্ক : সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের (এসএনবি) সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, দেশটির ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানত বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১২ হাজার ৬৭৮ কোটি টাকা। এর মধ্যে শুধু ২০২৫ সালেই আমানত বেড়েছে ৩ হাজার ৬০০ কোটিরও বেশি টাকা।
বৃহস্পতিবার (১৮ জুন) প্রকাশিত এসএনবির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৮৩ কোটি ৪১ লাখ সুইস ফ্রাঁ। ২০২৪ সালে এ পরিমাণ ছিল প্রায় ৫৯ কোটি সুইস ফ্রাঁ। ফলে এক বছরের ব্যবধানে বাংলাদেশিদের আমানতে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে।
বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রতি সুইস ফ্রাঁর মূল্য প্রায় ১৫২ টাকা ধরে হিসাব করলে, সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের মোট আমানতের পরিমাণ দাঁড়ায় প্রায় ১২ হাজার ৬৭৮ কোটি টাকা।
এসএনবির তথ্য বিশ্লেষণে দেখা যায়, আমানত বৃদ্ধির মূল উৎস বাংলাদেশি ব্যাংকগুলোর জমা রাখা অর্থ। ২০২৫ সালে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশি ব্যাংকগুলোর আমানত বেড়ে দাঁড়িয়েছে ৮২২ দশমিক ৭ মিলিয়ন সুইস ফ্রাঁ, যা ২০২৪ সালের ৫৭৬ দশমিক ৬ মিলিয়ন সুইস ফ্রাঁর তুলনায় প্রায় ৪৩ শতাংশ বেশি।
ফলে বর্তমানে সুইস ব্যাংকে থাকা মোট বাংলাদেশি আমানতের ৯৮ দশমিক ৬ শতাংশই ব্যাংকগুলোর নামে রাখা অর্থ। ২০২৪ সালে এ হার ছিল ৯৭ দশমিক ৮ শতাংশ। অথচ কয়েক বছর আগেও চিত্রটি ছিল ভিন্ন। ২০২৩ সালে মোট আমানতের মাত্র ২০ শতাংশ এবং ২০২১ সালে ৩৫ শতাংশ ছিল ব্যাংকগুলোর নামে।
অন্যদিকে ব্যক্তি পর্যায়ের হিসাবগুলোতে জমা রাখা অর্থের পরিমাণ কমেছে। ২০২৫ সালে ব্যক্তিগত অ্যাকাউন্টে থাকা আমানত ১২ দশমিক ৬ মিলিয়ন সুইস ফ্রাঁ থেকে কমে ১১ দশমিক ৪ মিলিয়ন সুইস ফ্রাঁতে নেমে এসেছে।
বিশ্লেষকদের মতে, সুইস ব্যাংকে বাংলাদেশিদের মোট আমানত বৃদ্ধির পেছনে ব্যক্তি নয়, বরং ব্যাংকিং খাতের বৈদেশিক লেনদেন ও প্রাতিষ্ঠানিক আমানতই প্রধান ভূমিকা রেখেছে।




