বড় দুশ্চিন্তা কাটল ব্রাজিলের

প্রকাশিত: জুন ২১, ২০২৬; সময়: ৩:০২ pm | 
খবর > খেলা

পদ্মাটাইমস ডেস্ক: বিশ্বকাপে হাইতির বিপক্ষে জয় তুলে নিয়ে স্বস্তির অবস্থানে থাকা ব্রাজিল শিবিরে এবার এলো আরও একটি সুখবর। চোট নিয়ে শঙ্কা তৈরি হলেও তারকা উইঙ্গার রাফিনিয়ার অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে। ফলে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে স্বস্তি ফিরেছে সেলেসাও শিবিরে।

শুক্রবার হাইতির বিপক্ষে ম্যাচে ডান উরুতে চোট পান রাফিনিয়া। প্রথমার্ধে পেছনের পেশিতে ব্যথা অনুভব করলে তাকে মাঠ ছাড়তে হয়। এতে ব্রাজিল কোচিং স্টাফ ও সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

চোটের মাত্রা নির্ণয়ে শনিবার সকালে তার মেডিকেল পরীক্ষা করা হয়। যদিও ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি, তবে প্রাথমিক রিপোর্ট আশাব্যঞ্জক বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

ব্রাজিলের সংবাদমাধ্যম গাজেতা এস্পোর্তিভা জানিয়েছে, রাফিনিয়াকে জাতীয় দলের স্কোয়াড থেকে বাদ দেওয়ার প্রয়োজন হবে না বলেই ধারণা করা হচ্ছে। এতে কোচ Carlo Ancelotti এবং দলের সমর্থকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

চোটের বিষয়টি ব্রাজিলের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ গত মার্চে আন্তর্জাতিক বিরতির সময়ও উরুর চোটের কারণে জাতীয় দলের ম্যাচ মিস করেছিলেন রাফিনিয়া। এছাড়া গত মৌসুমে একই স্থানে একাধিকবার চোটে পড়েছিলেন ২৯ বছর বয়সী এই ফুটবলার।

তবে হাইতির বিপক্ষে ম্যাচের পর ইতিবাচক কিছু লক্ষণ দেখা গেছে। মাঠ ছাড়ার সময় তাকে স্বাভাবিকভাবে হাঁটতে দেখা যায়। পরে বদলি বেঞ্চে বসেই চিকিৎসকদের কাছ থেকে প্রাথমিক সেবা নেন তিনি। এতে দ্রুত মাঠে ফেরার সম্ভাবনা আরও জোরালো হয়েছে।

বিশ্বকাপের বর্তমান নিয়ম অনুযায়ী, গ্রুপপর্ব শুরু হওয়ার পর গোলরক্ষক ছাড়া অন্য কোনো খেলোয়াড়ের পরিবর্তে নতুন কাউকে দলে নেওয়ার সুযোগ নেই। ফলে রাফিনিয়া দীর্ঘমেয়াদি চোটে পড়লে বড় সমস্যায় পড়তে হতো ব্রাজিলকে।

সেই শঙ্কা আপাতত কেটে গেছে। এখন তাকে দ্রুত পুরোপুরি সুস্থ করে তুলতে কাজ করছে দলের চিকিৎসক দল। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে তার অংশগ্রহণ নিয়েও আশাবাদী ব্রাজিল শিবির।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন