নদী ব্যবস্থাপনায় সহযোগিতা জোরদারে ঢাকা-বেইজিং ঐকমত্য

পদ্মাটাইমস ডেস্ক : তিস্তাসহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ এবং পানিসম্পদ উন্নয়নে সহযোগিতা আরও জোরদারে একমত হয়েছে বাংলাদেশ ও চীন। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের পানিসম্পদমন্ত্রী লি গোয়োইংয়ের বৈঠকে ইতিবাচক আলোচনা হয়েছে।
চীনের স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের মধ্যে পানিসম্পদ খাতে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যার ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সুরক্ষা এবং পানিসম্পদের টেকসই ব্যবস্থাপনার লক্ষ্যে বাংলাদেশের চলমান নদীখনন কর্মসূচির কথা তুলে ধরেন। তিনি দেশের নদী ব্যবস্থাপনা উন্নয়নে চীনের সহযোগিতা কামনা করেন এবং বিশেষ করে তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে কারিগরি সহায়তা প্রত্যাশা করেন।
জবাবে চীনের পানিসম্পদমন্ত্রী লি গোয়োইং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি ২০০৫ সালে বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) এবং গত বছর চীনা পানিবিশেষজ্ঞদের বাংলাদেশ সফরের কথা উল্লেখ করেন।
লি গোয়োইং বলেন, পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীন সহযোগিতা বাস্তবভিত্তিক ও গবেষণানির্ভর। ভবিষ্যতে এ সহযোগিতার পরিধি আরও বাড়ানোর সুযোগ রয়েছে।
এ সময় প্রধানমন্ত্রী নদীভাঙন রোধ, আধুনিক সেচ ব্যবস্থা সম্প্রসারণ এবং নৌ-নেভিগেশন উন্নয়নে চীনের সহায়তা প্রত্যাশা করেন।
চীনের পানিসম্পদমন্ত্রী বলেন, পানি ব্যবস্থাপনায় চীনের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, যা বাংলাদেশ কাজে লাগাতে পারে। তিনি এ খাতে বাংলাদেশের বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের চীনে প্রশিক্ষণ গ্রহণেরও আহ্বান জানান।
বৈঠক শেষে সৌজন্য স্মারক হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে একটি বই তুলে দেন চীনের পানিসম্পদমন্ত্রী।




