চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে আরও সময়োপযোগী করা হবে: প্রধানমন্ত্রী

পিজিআরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তারেক রহমানের বক্তব্য— আধুনিক প্রযুক্তি, পেশাদারিত্ব ও জনগণের সঙ্গে সংযোগ বজায় রাখার ওপর জোর

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬; সময়: ২:০৭ pm | 
খবর > জাতীয়

পদ্মাটাইমস ডেস্ক : দেশের বিদ্যমান ও ভবিষ্যৎ নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক, দক্ষ ও সময়োপযোগী করে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের সাহস ও গৌরবের প্রতীক।

রোববার (৫ জুলাই) ঢাকার সেনানিবাসে প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারপ্রধানকে দেশের বিভিন্ন স্থানে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে হয়। তাই নিরাপত্তা পরিকল্পনা এমনভাবে প্রণয়ন করতে হবে, যাতে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি সরকারপ্রধান জনগণ থেকে বিচ্ছিন্ন না হয়ে পড়েন।

তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা দেশের মানুষের সঙ্গে তাদের গভীর সম্পর্ক তৈরি করেছে। প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্টের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জপূর্ণ উল্লেখ করে তিনি কঠিন পরিস্থিতিতে বাহিনীর সদস্যদের পেশাদারিত্বের প্রশংসা করেন।

সাইবার যুদ্ধসহ আধুনিক নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এসব বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে প্রযুক্তিগতভাবে আরও সক্ষম ও উন্নত প্রশিক্ষণে সমৃদ্ধ করা প্রয়োজন। এ লক্ষ্যেই সরকার বাহিনীর আধুনিকায়নে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তি ও কৌশলগত সক্ষমতার পাশাপাশি দেশপ্রেম, সততা, বিশ্বস্ততা, কঠোর শৃঙ্খলা এবং পেশাদারিত্বই একটি শক্তিশালী সশস্ত্র বাহিনীর মূল ভিত্তি। এসব গুণাবলি অটুট থাকলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কখনোই হুমকির মুখে পড়বে না।

অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী কেক কেটে পিজিআরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন এবং পিজিআর সদর দপ্তর প্রাঙ্গণে একটি স্মারক বৃক্ষ রোপণ করেন। পরে তিনি চট্টগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে শহীদ হওয়া পাঁচ পিজিআর সদস্যের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন