অক্টোবরে শুরু স্থানীয় সরকার নির্বাচন, তফসিল আগস্টে

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬; সময়: ২:৪৯ pm | 
খবর > নির্বাচন

পদ্মাটাইমস ডেস্ক: স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রোডম্যাপ প্রস্তুত করেছে সরকার। আগামী আগস্টের দ্বিতীয়ার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং অক্টোবর থেকে ধাপে ধাপে ভোটগ্রহণ শুরু হবে।

মঙ্গলবার (৭ জুলাই) তথ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এবং আগামী বছরের অক্টোবরের মধ্যে পুরো নির্বাচন প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে।

ব্রিফিংয়ে সাভারে এনসিপির জনসভায় ককটেল বিস্ফোরণের ঘটনাও উল্লেখ করেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, ঘটনার তদন্ত করে জড়িতদের শনাক্ত করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জুলাই স্মৃতি জাদুঘর প্রসঙ্গে তিনি জানান, আগামী ৫ আগস্টের আগেই জাদুঘরটি উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, ‘এ সরকার জুলাইয়ের সরকার। তাই জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই যোদ্ধাদের নিয়ে কটূক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

খাদ্য নিরাপত্তা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, দেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণের বিভিন্ন পর্যায়ে অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের প্রবণতা রয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এ পরিস্থিতি মোকাবিলায় খাদ্য ব্যবসায়ীদের তথ্যভান্ডার (ডাটাবেজ) তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্টদের সচেতন করার পাশাপাশি অনিরাপদ খাদ্য ব্যবস্থাপনা রোধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান তিনি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন