মেসিকে ঘুম পাড়াতে চায় ইংল্যান্ড

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬; সময়: ৬:৪৩ pm | 
খবর > খেলা

পদ্মাটাইমস ডেস্ক : বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে ইংল্যান্ডের সাবেক ফুটবলারদের মন্তব্য ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। ইয়ান রাইটের ‘আর্জেন্টিনাকে ভয় পাই না’ এবং জো কোলের ‘মেসিকে ঘুম পাড়িয়ে দেব’ মন্তব্যকে অসম্মানজনক বলে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে আর্জেন্টিনার গণমাধ্যম।

২৪ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। ম্যাচের আগে ইয়ান রাইট বলেন, তিনি ফ্রান্স বা স্পেনকে যতটা ভয় পান, আর্জেন্টিনাকে ততটা নয় এবং ইংল্যান্ডই জিতবে বলে তার বিশ্বাস।

অন্যদিকে জো কোল মন্তব্য করেন, ‘মেসিকে আমাদের ঘুম পাড়িয়ে দিতে হবে। আমরা সেটাই করব।’ এই মন্তব্যের পর আর্জেন্টিনার জনপ্রিয় ক্রীড়া দৈনিক ‘ওলে’ প্রথম পাতায় শিরোনাম করে, ‘ইংল্যান্ড আমাদের খাটো করে দেখছে, প্রাপ্য সম্মান দাও।’ পত্রিকাটি দাবি করে, ইংলিশ ফুটবল অঙ্গনে অতিরিক্ত আত্মবিশ্বাস দেখা যাচ্ছে এবং আর্জেন্টিনাকে হালকাভাবে নেওয়া হচ্ছে।

এদিকে সেমিফাইনালের আগে ইংল্যান্ড শিবিরেও অস্বস্তির ইঙ্গিত মিলেছে। নরওয়েকে হারানোর পর কোচ থমাস টুখেল নিজের দলকে ‘ভাগ্যবান’ বলায় বিস্ময় প্রকাশ করেন জুড বেলিংহাম। তার মতে, শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে সব সময় দৃষ্টিনন্দন ফুটবল খেলে জেতা সম্ভব হয় না; অনেক সময় লড়াই করেই জয় ছিনিয়ে আনতে হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন