নেসকোর নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬; সময়: ১০:৩১ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : উত্তরাঞ্চলের বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন।

মঙ্গলবার (১৪ জুলাই) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ মেজবাহ উল সাবেরিন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) চেয়ারম্যান এবং নেসকোর ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বর্তমান চেয়ারম্যান, কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল হক মোহাম্মদ-এর পরিবর্তে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে নেসকোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পর এ আদেশ জারি করা হয়।

নিয়োগের বিষয়টি নিশ্চিত করে শরীফ উদ্দীন বলেন, নেসকোর পুরো পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হবে। নতুন সদস্যদের অন্তর্ভুক্তির পর তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি জানান, এই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে।

উল্লেখ্য, মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন। তাঁর বড় ভাই প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক একই আসন থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন