সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

চার মাস পর সরাসরি হামলার দাবি; মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬; সময়: ১২:০৭ pm | 
খবর > আন্তর্জাতিক

পদ্মাটাইমস ডেস্ক : সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শনিবার (১৮ জুলাই) সংঘটিত এ হামলার পর মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এক্সিওস। প্রতিবেদনে বলা হয়, প্রায় চার মাস পর সৌদি আরবের ভূখণ্ডে এটি ইরানের প্রথম সরাসরি হামলা।

হামলার পর সৌদি আরবের আল-খারজ ও ইয়ানবু শহরে সম্ভাব্য ঝুঁকির বিষয়ে সতর্কবার্তা জারি করে দেশটির সিভিল ডিফেন্স। পরে পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে কর্তৃপক্ষ জানায়, তাৎক্ষণিক বিপদ কেটে গেছে এবং সংশ্লিষ্ট এলাকাগুলোর পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

তবে হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে কি না কিংবা হতাহতের ঘটনা ঘটেছে কি না—এ বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

বিশ্লেষকদের মতে, পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সর্বশেষ এ হামলা সেই উত্তেজনাকে আরও জটিল করে তুলতে পারে।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে সৌদি আরবের জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে সর্বশেষ সরাসরি হামলা চালানোর অভিযোগ উঠেছিল ইরানের বিরুদ্ধে।

এদিকে, এ ঘটনার বিষয়ে এখন পর্যন্ত সৌদি আরবের সরকার কিংবা মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন