ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা

বিবৃতিতে ট্রাম্পকে ‘অপরাধী’ আখ্যা; পুরস্কারের ঘোষণা ঘিরে নতুন করে উত্তেজনা

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬; সময়: ৪:৩৫ pm | 
খবর > আন্তর্জাতিক

পদ্মাটাইমস ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে পারলে ১ কোটি মার্কিন ডলার (প্রায় ১২৩ কোটি টাকা) পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানপন্থি ইরাকভিত্তিক সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই)।

গোষ্ঠীটি গত বৃহস্পতিবার এক বিবৃতিতে ট্রাম্পকে ‘অপরাধী’ আখ্যা দিয়ে দাবি করে, তাদের সদস্য ও সমর্থকদের অনুদানে গঠিত তহবিল থেকে এ অর্থ পুরস্কার হিসেবে বরাদ্দ রাখা হয়েছে। বিবৃতিতে বলা হয়, যে ব্যক্তি বা গোষ্ঠী ট্রাম্পকে হত্যা করবে, তারা এই অর্থ পাবে।

একই বিবৃতিতে সংগঠনটি আরও দাবি করে, বিশ্বের স্বাধীনতাকামী মানুষ ট্রাম্পকে বিচারের মুখোমুখি করার প্রচেষ্টা চালিয়ে যাবে এবং তাদের ভাষায় ‘শহীদদের রক্তের প্রতিশোধ’ নেওয়া তাদের অঙ্গীকার।

বিশ্লেষকদের মতে, এ ধরনের ঘোষণার মাধ্যমে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও বাড়তে পারে। যদিও এমন ঘোষণার বাস্তবায়ন বা সক্ষমতা সম্পর্কে স্বাধীনভাবে কোনো যাচাই পাওয়া যায়নি।

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির সঙ্গে বৈঠকে ট্রাম্প ২০২০ সালে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহান্দিসকে হত্যার অভিযানে নিজের ভূমিকার কথা উল্লেখ করেন। এরপরই ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাকের পক্ষ থেকে এ পুরস্কার ঘোষণার ঘটনা সামনে আসে।

এ ঘটনায় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন