বিশ্বকাপ ফাইনালের আবেগঘন মুহূর্ত: মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল

শিরোপা জয়ের আনন্দের মাঝেও ফুটে উঠল দুই প্রজন্মের পারস্পরিক শ্রদ্ধা

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬; সময়: ২:৪৫ pm | 
খবর > খেলা

পদ্মাটাইমস ডেস্ক : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল শেষে শিরোপা উদ্‌যাপনে মেতেছিল স্পেন। অন্যদিকে শিরোপা হারানোর হতাশায় ডুবে ছিল আর্জেন্টিনা। এমন আবেগঘন মুহূর্তেই ফুটবলপ্রেমীদের হৃদয় ছুঁয়ে যায় একটি দৃশ্য-স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল এগিয়ে গিয়ে আলিঙ্গন করেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে।

রোববার নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ে ১-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। ম্যাচ শেষের বাঁশি বাজতেই স্প্যানিশ ফুটবলাররা শিরোপা উৎসবে মেতে ওঠেন। কিন্তু সেই আনন্দের মাঝেই ইয়ামাল সতীর্থদের ছেড়ে মাঠের এক কোণে চলে যান, যেখানে একা বসে ছিলেন হতাশ মেসি।

ইয়ামালকে কাছে আসতে দেখে মেসিও উঠে দাঁড়িয়ে তাকে স্বাগত জানান। এরপর দুই প্রজন্মের দুই তারকার উষ্ণ আলিঙ্গনের দৃশ্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও তাদের মধ্যে কী কথা হয়েছে, তা জানা যায়নি, তবে সেই আলিঙ্গন ফুটবলপ্রেমীদের কাছে পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও মানবিকতার প্রতীক হয়ে ওঠে।

এই দৃশ্য অনেককেই ফিরিয়ে নেয় বহু বছর আগের একটি স্মৃতিতে। ইউনিসেফের এক আলোকচিত্র ধারণে শিশু ইয়ামালকে কোলে নিয়ে গোসল করিয়ে দিচ্ছিলেন তরুণ লিওনেল মেসি। সেই ছবিটি পরবর্তীতে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়। প্রায় দুই দশক পর বিশ্বকাপের মঞ্চে সেই দুই প্রজন্মের ফুটবলারের পুনর্মিলন যেন এক অনন্য আবেগের জন্ম দিল।

লামিনে ইয়ামাল এর আগে বহুবার জানিয়েছেন, ব্রাজিলের নেইমার তার অন্যতম অনুপ্রেরণা হলেও লিওনেল মেসিকেই তিনি ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় মনে করেন।

অন্যদিকে বিশ্বকাপ ফাইনালের আগে ইয়ামালের প্রশংসা করে মেসিও বলেছিলেন, “সে বর্তমানে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। আমি তার জন্য শুভকামনা জানাই। ওর সাফল্য মানেই বার্সেলোনারও সাফল্য।”

বিশ্বকাপের শিরোপা স্পেনের হাতে উঠলেও ম্যাচ শেষে ইয়ামাল ও মেসির সেই আলিঙ্গনই হয়ে উঠেছে ফাইনালের অন্যতম স্মরণীয় এবং আলোচিত মুহূর্ত।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন