তানোরে ট্যাপেন্ডাডলসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬; সময়: ১০:৩৫ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর তানোর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ট্যাপেন্ডাডল (Tapentadol) ট্যাবলেটসহ রাজু আহাম্মেদ (৩৩) নামে এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ। তিনি উপজেলার শংকরপুর গ্রামের সালামের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ পারভেজের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে তানোর থানার উপপরিদর্শক (এসআই) উৎপলের নেতৃত্বে এসআই নাঈম এবং সঙ্গীয় ফোর্স উপজেলার ১ নম্বর কলমা ইউনিয়নের ব্রাহ্মণজয় গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানে রাজুর শ্বশুর আকরামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট ও মাদক বিক্রির ৪২২৫ টাকা জব্দ করা হয়।

তানোর থানা পুলিশ জানায়, রাজু দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। শংকরপুর গ্রামে বসবাসকালে তার বিরুদ্ধে চারটি মাদক মামলা দায়ের হয়। পরবর্তীতে তিনি নিজ গ্রাম ছেড়ে শ্বশুরবাড়িতে বসবাস শুরু করলেও সেখান থেকেই মাদক কারবার চালিয়ে যাচ্ছিলেন।

এ ঘটনায় উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে গ্রেপ্তারকৃত রাজুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তানোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন