চুরি করতে এসে ডিম ভেজে ভাত খেল চোর, অতঃপর…

পদ্মাটাইমস ডেস্ক : শরীয়তপুরে এক প্রবাসীর ফাঁকা বাড়ি দেখে চুরি করতে আসে চোর। ঘরে ঢুকে ডিম ভাজি করে খেতে গিয়ে ধরা পড়ে যায় চোর। এ সময় সহযোগীরা পালিয়ে যায়।
শুক্রবার (১৮ আগস্ট) রাত ৮টার দিকে শরীয়তপুর সদর উপজেলার তুলাসার ইউনিয়নের গুড়িপাড়া গ্রামের প্রবাসী পলাশ ফকিরের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানিয়েছে, চুরি করতে এসে ফ্রিজ থেকে তিনটি ডিম নিয়ে ভাজি করে খেয়েছে চোর ও তার সহযোগীরা।
প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে বাড়ির মালিককে খবর দেয়। পরে চোরচক্রের এক সদস্যকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সরেজমিনে গিয়ে জানা যায়, পলাশ ফকির দীর্ঘদিন ধরে প্রবাসে থাকেন। তার বাড়িতে কেউ থাকত না। মাঝেমধ্যে তার মা আঙ্গুরা বেগম এসে বসবাস করতেন। শুক্রবার রাত ৮টার দিকে শোভন ফকির নামে এক প্রতিবেশী পলাশ ফকিরের ঘরে মৃদু আলো দেখতে পেয়ে তিনি আঙ্গুরা বেগমকে খবর দেন। পরে আঙ্গুরা বেগম এসে ঘরের দরজা খুলে সাদেক খানকে (২৭) আটক করেন।
সাদেক খানকে আটক করার স্থানীয়রা জানতে পারে তার সঙ্গে আরও দুজন সহযোগী ছিল। স্থানীয় লোকজন জড়ো হওয়ার বিষয়টি অনুমান করে সহযোগীরা তাকে রেখে দ্রুত পালিয়ে যায়।
আঙ্গুরা বেগমসহ স্থানীয়রা দেখতে পায় ঘরের চালার টিন খুলে চোর ঘরে প্রবেশ করেছে। তারা ফ্রিজ থেকে ডিম নিয়ে গ্যাসের চুলায় ভাজি করে খেয়েছে। এ ছাড়া ড্রয়ারের তালা ভেঙে নগদ এক লাখ টাকা ও দুটি কানের দুল চুরি করে নিয়ে পালিয়েছে সাদেক খানের সহযোগীরা। বিষয়টি থানা পুলিশকে জানালে তারা এসে সাদেক খানকে আটক করে নিয়ে যায়।
চুরির অভিযোগে আটক হওয়া মো.সাদেক খান (২৭) রাজধানী ঢাকার খিলগাঁও থানার বনশ্রী এলাকার মো. আলাউদ্দিন খানের ছেলে।
আঙ্গুরা বেগম জানান, আমি বাড়িতে ছিলাম না। প্রতিবেশী শোভন ফকিরের কাছ থেকে খবর পেয়ে লোকজন নিয়ে একজন চোরকে আটক করেছি। স্থানীয়রা দেখতে পায় ঘরের চালার টিন খুলে চোর ঘরে প্রবেশ করেছে। চোর কী চুরি করছে তা খুঁজতে গিয়ে দেখি ফ্রিজ থেকে ডিম নিয়ে ভাজি করে খেয়েছে। আমার ছেলে বিদেশে থাকে। বাড়িতে আমিই মাঝেমধ্যে এসে থাকি। ঘর ফাঁকা থাকায় চোর নির্বিঘ্নে ঘরে ঢুকে ডিম ভেজে খেয়েছে। এ বিষয়ে থানায় মামলা করা হবে।
এ বিষয়ে পালং মডেল থানার ওসি (তদন্ত) মো. শরিফুল ইসলাম বলেন, একজন চোরকে স্থানীয়রা আটক করে পুলিশকে খবর দিয়েছে। ঘটনাস্থল থেকে চোরকে থানা হেফাজতে আনা হয়েছ। ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




