বাধ্যতামূলক অবসরে পুলিশের আরও ১৭ কর্মকর্তা
জনস্বার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তালিকায়

পদ্মাটাইমস ডেস্ক : জনস্বার্থে বাংলাদেশ পুলিশের আরও ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। অবসরপ্রাপ্তদের মধ্যে তিনজন উপমহাপরিদর্শক (ডিআইজি), ১১ জন অতিরিক্ত ডিআইজি সমমর্যাদার কর্মকর্তা, একজন উপপুলিশ কমিশনার (ডিসি) এবং একজন পুলিশ সুপার (এসপি) রয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
বাধ্যতামূলক অবসরে যাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী, বাংলাদেশ পুলিশ একাডেমি (সারদা)-এর ডিআইজি মো. ওয়ালিদ হোসেন, সিআইডির ডিআইজি সানা শামীনুর রহমান, সিআইডির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সরোয়ার হোসেন, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরা, পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি ড. একেএম ইকবাল হোসেন, এপিবিএনের অতিরিক্ত ডিআইজি সহেলী ফেরদৌস, সিআইডির অতিরিক্ত ডিআইজি রেবেকা সুলতানা, বাংলাদেশ পুলিশ একাডেমি (সারদা)-এর অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ তবারক উল্লাহ, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান, পুলিশ টেলিকমের অতিরিক্ত ডিআইজি হাসিনা রহমান, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সংযুক্ত) ফয়সল মাহমুদ, পুলিশ অধিদপ্তরের কানিজ ফাতেমা, ট্যুরিস্ট পুলিশের সুলতানা নাজমা হোসেন, নৌ পুলিশের জেসমিন বেগম, টিডিএস ঢাকার পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী এবং ঢাকা মহানগর পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) মোছা. ফরিদা ইয়াসমিন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবসরে যাওয়া কর্মকর্তারা প্রচলিত বিধি অনুযায়ী অবসর-পরবর্তী সব ধরনের আর্থিক ও অন্যান্য সুবিধা পাবেন। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, এর আগে গত ৫ জুলাই সরকার ৩৩ জন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায়। এছাড়া ৩ মে আরও ১৭ জন এবং ২২ এপ্রিল ১৩ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে একই আইনের আওতায় বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল।




