২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

বন্যায় স্থগিত পরীক্ষা পুনরায় চালুর সিদ্ধান্ত, নতুন সময়সূচি পরে প্রকাশ

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬; সময়: ৩:৪১ pm | 
খবর > শিক্ষাঙ্গন

পদ্মাটাইমস ডেস্ক : বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে পুনরায় শুরু হবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক বন্যা ও বন্যা-পরবর্তী পরিস্থিতিতে পরীক্ষা কেন্দ্র, সড়ক যোগাযোগ এবং পরীক্ষার্থীদের সার্বিক অবস্থার কথা বিবেচনা করে তিনটি বোর্ডের পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। তবে বর্তমানে পরিস্থিতির উন্নতি হওয়ায় এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের প্রতিবেদন ও পরীক্ষা নিয়ন্ত্রকের আবেদনের ভিত্তিতে পরীক্ষা পুনরায় শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও জানানো হয়, বন্যার কারণে যেসব পরীক্ষা স্থগিত হয়েছিল, সেগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি বিবেচনায় গত ১৬ জুলাই।চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছিল। পরিস্থিতির উন্নতি হওয়ায় এখন পুনরায় পরীক্ষা কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন