কচুয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামীর, আহত স্ত্রী

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের কচুয়ায় বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে স্বামী সেলিম মিয়া (৫০) নিহত হয়েছে ও তার স্ত্রী কাজল রেখা গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকালে কচুয়া-গৌরিপুর সড়কের হাটমুড়া কালিমন্দির ব্রীজ নামক এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিম মিয়া উপজেলার পনশাহী জুনাশার গ্রামের আব্দুল লতিফের ছেলে। তার স্ত্রী কাজল রেখাকে আশংকাজনক অবস্থায় সাচার একটি প্রাইভেট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শুক্রবার সকালে সেলিম মিয়া ও তার স্ত্রী ঢাকা থেকে মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল ৩০-৫৪০৪) যোগে বাড়ি ফিরছিলেন। হাটমুড়া নামক স্থানে আসলে বিপরীত থেকে আসা ঢাকাগামী সুরমা বাস (ঢাকা মেট্রো-ব ১৫-১৬৫৫) মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মারা যান সেলিম মিয়া।
কচুয়া সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কবির হোসেন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় কবলিত সুরমাবাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।




