রাবির কলা বাগান থেকে ৯৬ কেজি গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরী’র রাজশাহী বিশ্ববিদ্যালয় বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন কলা বাগান হতে অভিযান পরিচালনা করে ৯৬ কেজি গাঁজা উদ্ধার করেছে আরএমপি’র মতিহার থানা পুলিশ।
জানা গেছে, গতকাল ১২ ডিসেম্বর রাত ১২ টার দিকে আরএমপি’র উপ-পুলিশ কমিশনার (মতিহার) মধুসুদন রায়ের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: একরামুল হক, পিপিএম-এর দিকনির্দেশনায়, সহকারী পুলিশ কমিশনার মো: আবুল কালাম আজাদের নেতৃত্বে মতিহার থানার অফিসার ইনচার্জ শেখ মো: মোবারক পারভেজ, এসআই মো: পলাশ আলী ও তাঁর টিম মতিহার এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিল।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ৫-৬ ব্যক্তি কভার্ড ভ্যান থেকে গাঁজা নামিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন কলাবাগানের ভিতরে রাখছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে থানা পুলিশের ঐ টিম (১২ ডিসেম্বর দিবাগত) রাত সোয়া ১ টার দিকে মতিহার থানার রাজশাহী বিশ্ববিদ্যালয় বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন কলা বাগানে পৌঁছালে অজ্ঞাতনামা ৫-৬ ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে আসামিদের ফেলে যাওয়া ৯৬ কেজি গাঁজা উদ্ধার হয়।
পলাতক আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। তাদের বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে।




