মন্ত্রী হিসেবে শপথ নিতে ফোন পেয়েছেন যাঁরা

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৪; সময়: ৮:০১ pm | 
খবর > জাতীয়

পদ্মাটাইমস ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তিন দিনের মাথায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে দলটি। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান হবে।

প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার আকার দাঁড়িয়েছে ৩৭ জনে। তাদের মধ্যে ২৫ জন পূর্ণ মন্ত্রী। আর ১১ জন পাচ্ছেন প্রতিমন্ত্রীর দায়িত্ব। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বুধবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন।

দ্বাদশ সংসদে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন তারা হলেন, আ ক ম মোজাম্মেল হক, ওবায়দুল কাদের, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, আসাদুজ্জামান খান, ডা. দীপু মনি, তাজুল ইসলাম, ফারুক খান, আবুল হাসান মাহমুদ আলী, আনিসুল হক, হাছান মাহমুদ, মো. আব্দুস শহীদ, সাধন চন্দ্র মজুমদার, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, আব্দুর রহমান, নারায়ন চন্দ্র চন্দ, মেজর (অব.) আব্দুস সালাম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, ফরহাদ হোসেন, ফরিদুল হক খান, জিল্লুল হাকিম, সাবের হোসেন চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, নাজমুল হাসান, স্থপতি ইয়াফেস ওসমান ও সামন্ত লাল সেন।

প্রতিমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন, সিমিন হোসেন রিমি, নসরুল হামিদ, জুনাইদ আহমেদ পলক, মোহাম্মদ আলী আরাফাত, মহিবুর রহমান, খালিদ মাহমুদ চৌধুরী, জাহিদ ফারুক, কুজেন্দ্র লাল ত্রিপুরা, রুমানা আলী, শফিকুর রহমান চৌধুরী ও আহসানুল ইসলাম টিটু।

এর আগে, বুধবার (১০ জানুয়ারি) নতুন মন্ত্রিসভা গঠনের অনুমতি দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। একই সঙ্গে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে নতুন এই মন্ত্রিসভায় কে কোন দায়িত্ব পাচ্ছেন তা এখনও পরিষ্কার নয়।

বুধবার সকালে সংসদে শপথ নেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। এরপরই সংসদের নেতা নির্বাচিত করা হয় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে। সংসদীয় উপনেতা নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী।

স্পিকার হিসেবে ড. শিরীন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে আবারও নির্বাচনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেই সাথে চিফ হুইপ হয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরী লিটন। তিনি মন্ত্রীর পদমর্যাদা পাবেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন