ঈদের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত, ফিরছে কর্মচাঞ্চল্য

প্রকাশিত: জুন ১, ২০২৬; সময়: ৯:৪৬ am | 
খবর > জাতীয়

পদ্মাটাইমস ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শেষে আজ সোমবার থেকে খুলেছে সরকারি অফিস-আদালত। একই সঙ্গে কার্যক্রম শুরু করেছে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠান।

দীর্ঘ ছুটি শেষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন চাকরিজীবী ও কর্মজীবী মানুষ। ফলে ধীরে ধীরে স্বাভাবিক কর্মচাঞ্চল্যে ফিরছে নগরজীবন।

গত ২৮ মে ত্যাগ ও উৎসর্গের মহিমায় সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হয়। ঈদ উপলক্ষে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত ছুটি ছিল। ছুটি শেষ হওয়ায় আজ থেকে আবারও নিয়মিত কার্যক্রমে ফিরছে অফিস-আদালত।

তবে নির্ধারিত ছুটির সঙ্গে অনেক কর্মজীবী ব্যক্তি অতিরিক্ত ছুটি নেওয়ায় অফিস খোলার পরও প্রথম কয়েক দিন ছুটির আমেজ বজায় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে সপ্তাহজুড়ে কর্মস্থলগুলোতে উপস্থিতি কিছুটা কম থাকার সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্টদের মতে, আগামী সপ্তাহের শুরু থেকে অফিস-আদালত ও বিভিন্ন প্রতিষ্ঠানে পুরোপুরি কর্মচাঞ্চল্য ফিরে আসবে।

এদিকে দীর্ঘ ঈদের ছুটি শেষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সড়ক, রেল ও নৌপথে রাজধানীসহ বিভিন্ন কর্মস্থলে ফিরছেন মানুষ। ফলে বাস টার্মিনাল, লঞ্চঘাট ও রেলস্টেশনগুলোতে যাত্রীচাপ ধীরে ধীরে বাড়ছে।

গতকাল দুপুরে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন-এ ঢাকামুখী যাত্রীদের উল্লেখযোগ্য ভিড় দেখা গেছে। একইভাবে দেশের বিভিন্ন প্রবেশপথ ও পরিবহনকেন্দ্রেও ফিরতি যাত্রার চাপ লক্ষ্য করা যাচ্ছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন