গোদাগাড়ীতে জেলা ডিবির অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর ডিবি পুলিশের অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।গত ১২ অক্টোবর রাজশাহী জেলার গোদাগাড়ী কুমরপুর গ্রাম হতে বিকাল ৪ টার দিকে তাকে গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত মো: লাল্টু মিয়া ওরফে রমজান আলী (৪৫)। মো: লাল্টু মিয়া ওরফে রমজান আলী রাজশাহী জেলার গোদাগাড়ী থানার কুমরপুর গ্রামের মৃত ঝান্টু ঘোষের ছেলে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) : রফিকুল আলম।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, রাজশাহী জেলার ডিবি’র এসআই আব্দুর রহিমের নেতৃত্বে একটি টিম গত ১২ই অক্টোবর দুপুরে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার রাজাবাড়ি ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ঐ দিন রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন কুমরপুর গ্রামস্থ অভিযুক্তের বসতবাড়ির পূর্ব-দুয়ারি টিনের ঘরের বারান্দায় একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুর রহিম ও ফোর্সসহ ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি পালানোর চেষ্টাকালে ডিবি পুলিশ অভিযুক্ত মো: লাল্টু মিয়া ওরফে রমজান আলীকে আটক করে তার দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির কোমরে ডানপার্শ্বে গোজা অবস্থায় একটি সাদা স্বচ্ছ পলিথিনের প্যাকেটে মুখবন্ধ অবস্থায় বাদামিবর্ণের গুড়াপদার্থ অবৈধ মাদকদ্রব্য ১০০ গ্রাম হেরোইন-সহ তাকে গ্রেফতার করে।
হেরোইন উদ্ধারের এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা হয়েছে।




