ঘাসফুলের প্রকল্প অবহিতকরণ সভা

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৪; সময়: ৪:৫৫ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : ফল চাষী, জেলা প্রশাসন এবং প্রকল্প সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিদের নিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ঘাসফুলের স্মার্ট প্রকল্পের উদ্যোগে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন স্মার্ট প্রকল্পের ফোকাল পার্সন কে এম জি রব্বানী বসুনিয়া।

স্মার্ট প্রকল্প বিষয়ে সার্বিক উপস্থাপনা তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক কুদরত-ই-খোদা মো. নাসের। অন্যদের মধ্যে সাপাহার উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান সভায় বক্তব্য রাখেন।

ঘাসফুল সংস্থাটি তাদের স্মার্ট (সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ এন্ড রিজিলিয়েন্ট ট্রান্সফরমেশন) প্রকল্পের আওতায় চার মেয়াদী প্রোমোশন অব ভ্যালু অ্যাডেড ফ্রুটস প্রোডাক্টস ফর সাসটেইনেবল গ্রোথ এন্ড ইনস্টিটুইটিং আরইসিপি প্র্যাকটিস নামের উপপ্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে। প্রকল্পটি নওগাঁর সাপাহার, পোরশা, নিয়ামতপুর ও পত্নীতলা উপজেলার ২৯টি ইউনিয়নে বাস্তবায়ন করা হবে।

এই প্রকল্পের মাধ্যমে আম, মাল্টা, ড্রাগন, স্ট্রবেরি, পেয়ারা ও কমলা চাষে সম্পদের সর্বোত্তম ব্যবহার করে উত্তম কৃষি চর্চা অনুসরণ, জলবায়ু সহনশীল প্রযুক্তির ব্যবহার এবং উদ্যোক্তাদের মাঝে উচ্চমূল্যের ফলের প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণকে উৎসাহিত করা হবে।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন