পবায় এক হাজার ১৩০ কৃষক পেলেন সরকারি প্রণোদনার সার-বীজ

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৫; সময়: ৮:৪২ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : পবা উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক এক হাজার ১৩০ কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন মুগ ও তিল এবং উফশী আউশ ধানের আবাদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সেই লক্ষ্যে বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের সামনে আয়োজিত সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসনিম।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন, মৎস কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ মোল্লা, জাইকা কর্মকর্তা জাকিয়া সুলতানাসহ উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

পবা উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ২০২৪-২৫ অর্থবছরে খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই উপজেলা বিভিন্ন ইউনিয়নে এক হাজার ১৩০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৮০০ কৃষককে উফশী আউশ ধান, ২৮০ কৃষককে তিল এবং ৫০ কৃষককে মুগে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

তিনি আরো বলেন, প্রতি ১ বিঘা জমি আবাদের জন্য ফসলওয়ারী প্রত্যেক কৃষককে আউশ ধানের ৫ কেজি বীজের সঙ্গে ১০ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি রাসায়নিক সার দেওয়া হয়েছে। তিলের এক কেজি বীজ ও মুগের ৫ কেজি বীজ বিতরণ করা হয়েছে। তিল ও মুগের ক্ষেত্রে ৫ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি রাসায়নিক সার দেওয়া হয়েছে।

এসময় ইউএনও আরাফাত আমান আজিজ বলেন, এবারের খরিপ মৌসুমে এক হাজার ১৩০ জন কৃষকের মধ্যে এই প্রণোদনা বিতরণ হচ্ছে। আপনারা যে যার যার সাধ্যমতো চাষাবাদ করবেন। বীজ নিয়ে কেউ অবহেলা করবেন না। কারও জমি খালি না রাখার আহ্বান জানান তিনি।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন