৭ জুন ঈদুল আজহা

পদ্মাটাইমস ডেস্ক : বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৬ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামী ৭ জুন, শনিবার দেশব্যাপী উদযাপিত হবে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব, পবিত্র ঈদুল আজহা।
বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম কার্যালয়ে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
সভায় জানানো হয়, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর ও মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী চাঁদ দেখা গেছে। ফলে বৃহস্পতিবার (৩০ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে, আর ১০ জিলহজ অর্থাৎ ৭ জুন ঈদুল আজহা উদযাপিত হবে।
ঈদুল আজহা ত্যাগের মহিমায় উদ্ভাসিত একটি ধর্মীয় উৎসব, যেখানে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করে থাকেন।
এর আগে সৌদি আরবের সুপ্রিম কোর্ট জানিয়েছে, তাদের আকাশেও জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তাই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা উদযাপিত হবে ৬ জুন এবং ৫ জুন পালিত হবে পবিত্র আরাফাত দিবস।
এদিকে, ঈদুল আজহা উপলক্ষে সরকার নির্ধারিত ৬ দিনের ছুটি (৫-১০ জুন) ঘোষণা করেছে। তবে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসে কর্মরতদের জন্য দুই দিন অফিস করার শর্তে টানা ১০ দিনের ছুটি সুবিধা দেওয়া হয়েছে। এর আওতায় ১১ ও ১২ জুন ছুটি ঘোষণা করে তা পুষিয়ে নিতে ১৭ ও ২৪ মে (শনিবার) অফিস খোলা রাখা হয়।




