মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬; সময়: ৫:২৪ am | 
খবর > ধর্ম

পদ্মাটাইমস ডেস্ক: দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর দোরগোড়ায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। নাড়ির টানে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ইতোমধ্যে রাজধানী ছেড়ে গ্রামের পথে ছুটছে মানুষ। মঙ্গলবার (১৭ মার্চ) থেকে শুরু হয়েছে সরকারি ছুটি। দেশজুড়ে উৎসবের আমেজ থাকলেও সবার মনে এখন একটাই প্রশ্ন- ঈদ কবে?

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্যমতে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর আগামী ২০ মার্চ (শুক্রবার) উদ্‌যাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, এবার আরব দেশগুলোতে রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি।

তিনি বলেন, আজ বুধবার (১৮ মার্চ) আরব বিশ্বের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কম। সে ক্ষেত্রে শুক্রবার ঈদ উদ্‌যাপনের সম্ভাবনাই প্রবল। তবে সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটির নাগরিকদের বুধবার সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। ওই দিন চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার (১৯ মার্চ) ঈদ উদ্‌যাপিত হবে, আর চাঁদ দেখা না গেলে শুক্রবার হবে ঈদের দিন।

বাংলাদেশে ঈদ কবে?

ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের এক দিন পর ঈদ উদ্‌যাপিত হয়। সেই হিসেবে দেশে আগামী ২১ মার্চ (শনিবার) পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হওয়ার সম্ভাবনা বেশি।

তবে ঈদের দিন চূড়ান্ত হবে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে। আগামী বৃহস্পতিবার (১৯ মার্চ) রমজানের ২৯তম দিনে কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সেদিন সন্ধ্যায় বাংলাদেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেলে শুক্রবার (২০ মার্চ) ঈদ উদ্‌যাপিত হবে। আর চাঁদ দেখা না গেলে রমজান মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং শনিবার (২১ মার্চ) সারা দেশে ঈদুল ফিতর পালিত হবে।

এদিকে ঈদকে কেন্দ্র করে দেশের বন্দর ও টার্মিনালগুলোতে মানুষের ঢল নেমেছে। মঙ্গলবার থেকে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি শুরু হওয়ায় যানজট ও ভিড় উপেক্ষা করে মানুষ ছুটছে আপন ঠিকানায়। আবহাওয়া অধিদপ্তর ঝড়ের পূর্বাভাস দিলেও স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে মানুষের উৎসাহে কোনো ঘাটতি নেই।

এখন সবার চোখ বৃহস্পতিবারের আকাশে- কবে দেখা দেবে এক ফালি বাঁকা চাঁদ, আর কবে বেজে উঠবে কাজী নজরুল ইসলামের সেই কালজয়ী গান- ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ।’

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন