রমজানে ওমরায় একদিনে নতুন বিশ্বরেকর্ড

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬; সময়: ১১:৩২ am | 
খবর > ধর্ম

পদ্মাটাইমস ডেস্ক: পবিত্র রমজান মাসে একদিনে ওমরাহ পালনকারীর সংখ্যায় নতুন বিশ্বরেকর্ড গড়েছে সৌদি আরব। দেশটির হারামাইন কর্তৃপক্ষ জানিয়েছে, গত শনিবার (২১ ফেব্রুয়ারি) একদিনেই ৯ লাখ ৪ হাজার মুসল্লি ওমরাহ আদায় করেছেন। ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী এটি ছিল ১৪৪৭ হিজরির রমজানের চতুর্থ দিন।

এর মাধ্যমে আগের সব রেকর্ড ভেঙে গেছে। গত বছর ৭ মার্চ একদিনে সর্বোচ্চ প্রায় ৫ লাখ মুসল্লি ওমরাহ পালন করেছিলেন। এবারের উপস্থিতি সেই সংখ্যাকে অনেকটাই ছাড়িয়ে গেছে।

রমজানে মুসল্লিদের ব্যাপক সমাগমের কারণে মসজিদুল হারাম এলাকায় কড়াকড়ি নিরাপত্তা ও জনসমাগম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ। কাবা শরিফের চারপাশের সাদা মার্বেল চত্বর বা মাতাফ এলাকা ২৪ ঘণ্টাই কেবল ওমরাহ পালনকারীদের জন্য নির্ধারণ করা হয়েছে।

বিশেষ করে জুমা, মাগরিব, ইশা, তারাবি এবং শেষ দশকের তাহাজ্জুদের সময় মুসল্লিদের ঢল নামায় নামাজের স্থান দ্রুত পূর্ণ হয়ে যাচ্ছে। এ কারণে মুসল্লিদের খোলা প্রাঙ্গণ ও নির্ধারিত বিকল্প স্থানে নামাজ আদায়ের আহ্বান জানানো হয়েছে।

মসজিদে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে নির্ধারিত সাইনেজ অনুসরণ বাধ্যতামূলক করা হয়েছে। হাঁটার পথ, সড়ক ও খোলা প্রাঙ্গণে অনিয়ন্ত্রিত জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। মক্কা নগরীতে ভিড় ও যানজট নিয়ন্ত্রণে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা চালু রয়েছে। অননুমোদিত মোটরসাইকেল ও সাইকেল চলাচল বন্ধ করা হয়েছে এবং অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কতা দেওয়া হয়েছে।

মুসল্লিদের যাতায়াত সহজ করতে কিং আবদুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এবং ১৪টি নির্ধারিত পার্কিং এলাকা থেকে বাস সার্ভিস চালু করা হয়েছে। অতিরিক্ত ভিড়ের কারণে যারা মসজিদুল হারামে প্রবেশ করতে পারছেন না, তাদের নিকটবর্তী মসজিদ ও সুসজ্জিত নামাজ হলগুলোতে ইবাদত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, রমজানজুড়ে মুসল্লিদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও সুশৃঙ্খলভাবে ইবাদত নিশ্চিত করতেই এসব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন