জাতীয় নির্বাচনে নিরাপত্তায় ৪০ হাজার বডিক্যাম ব্যবহার করবে পুলিশ

পদ্মাটাইমস ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদারে ৪০ হাজার বডি-ওয়্যার ক্যামেরা (বডিক্যাম) ব্যবহার করবে বাংলাদেশ পুলিশ। অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে এসব ক্যামেরা সংগ্রহের পরিকল্পনা চূড়ান্ত করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়ব আহমেদ।
শনিবার (৯ আগস্ট) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকস চৌধুরী ও ফয়েজ তৈয়ব আহমেদ উপস্থিত ছিলেন।
সরকার জার্মানি, চীন ও থাইল্যান্ডের তিনটি কোম্পানির সঙ্গে বডিক্যাম সরবরাহ নিয়ে আলোচনা করছে। নির্বাচনের সময় পুলিশ কর্মকর্তা ও কনস্টেবলরা এসব ক্যামেরা বুকে ধারণ করবেন। ঝুঁকিপূর্ণ হাজার হাজার ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদারে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ফয়েজ তৈয়ব আহমেদ জানান, অক্টোবরের মধ্যেই ক্যামেরাগুলো সংগ্রহের পরিকল্পনা রয়েছে, যাতে পুলিশ আগেভাগে এআই সক্ষমতাসহ ক্যামেরার মূল বৈশিষ্ট্য ব্যবহারে পর্যাপ্ত প্রশিক্ষণ নিতে পারে।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বৈঠকে দ্রুত বডিক্যাম ক্রয় ও পুলিশ সদস্যদের প্রশিক্ষণ নিশ্চিত করার নির্দেশ দেন। তিনি বলেন, “যে কোনো মূল্যে দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে হবে।”
এছাড়া বৈঠকে প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী আসন্ন নির্বাচনের জন্য একটি মোবাইল অ্যাপ চালুর পরিকল্পনা তুলে ধরেন। অ্যাপটিতে প্রার্থী পরিচিতি, ভোটকেন্দ্রের হালনাগাদ তথ্য ও অভিযোগ জমা দেওয়ার সুবিধা থাকবে। প্রধান উপদেষ্টা দ্রুত অ্যাপটি চালু ও দেশের ১০ কোটিরও বেশি ভোটারের জন্য ব্যবহারবান্ধব করার নির্দেশ দেন।




