রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নিহত

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৫; সময়: ১০:০১ am | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক শিব শংকর রায় (৫৮) মারা গেছেন। একই সঙ্গে আহত হয়েছেন দর্শন বিভাগের অধ্যাপক মো: আসাদুজ্জামান।

পুলিশ জানায়, শুক্রবার সকাল সাতটার দিকে পবা উপজেলার নওহাটা এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের আনসার ক্যাম্পের পাশে একটি যানবাহন মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। দুর্ঘটনায় আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেন। হাসপাতালে পৌঁছানোর আগেই শিব শংকর রায় মারা যান। আর আসাদুজ্জামানকে গুরুতর জখম অবস্থায় আইসিইউতে ভর্তি করা হয়েছে; তার জ্ঞান এখনও ফেরেনি।

মার্কেটিং বিভাগের শিক্ষক অধ্যাপক ফরিদুল এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক গিয়াস উদ্দীন জানিয়েছেন, শিব শংকর রায় ও আসাদুজ্জামান ভোরে মাছ ধরার উদ্দেশ্যে নওহাটার দিকে যাচ্ছিলেন। তারা আসাদুজ্জামানের ভ্যাসপা মোটরসাইকেলে চেপে নওহাটার দিকে যাচ্ছিলেন। দুর্ঘটনার সময় মোটরসাইকেলের পেছনে থাকা শিব শংকর রায় মাথায় গুরুতর আঘাত পান। ধারণা করা হচ্ছে, দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। মরদেহ আইনি প্রক্রিয়ার জন্য রাজশাহী মেডিকেলের মরচুয়ারীতে রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বেলা বারোর মধ্যে মরদেহ পাবনার সুজানগরে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

এই দুর্ঘটনার ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। মার্কেটিং ও দর্শন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন গভীর শোক প্রকাশ করেছেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন