নভেম্বর থেকে আমন সংগ্রহ অভিযান শুরু হবে: খাদ্য উপদেষ্টা

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫; সময়: ৩:৫০ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, দেশের খাদ্যভান্ডার হিসেবে রাজশাহী ও রংপুর অঞ্চলে চলতি মৌসুমের আমনের ফলন ভালো হবে। মধ্য নভেম্বর থেকে আমন মৌসুমের খাদ্য সংগ্রহ অভিযান শুরু হবে এবং এবার চালের মানকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে।

সোমবার রাজশাহী সার্কিট হাউসে আয়োজিত মতবিনিময় সভার পর তিনি সাংবাদিকদের বলেন, কৃষকের উৎপাদন খরচ ও লাভ বিবেচনা করে আমন ক্রয়ের মূল্য নির্ধারণ করা হবে। সরকার কৃষকদের স্বার্থে নিয়মিত ভর্তুকি প্রদান করছে। স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সুবিধা-অসুবিধা চিহ্নিত করা হয়েছে এবং সংগ্রহ অভিযান সফল করার উপায় খতিয়ে দেখা হয়েছে।

উপদেষ্টা আরও জানান, বর্তমান সরকার খাদ্যশস্যের মূল্য স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে এবং এই ধারা ভবিষ্যতেও বজায় থাকবে। খাদ্য মজুদ সন্তোষজনক পর্যায়ে রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে সর্বোচ্চ ৪ লাখ মেট্রিক টন চাল আমদানি করতে হতে পারে, যা আগের বছরের তুলনায় কম।

সভায় অংশ নেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, বিভাগের আট জেলার জেলা প্রশাসক, আঞ্চলিক ও জেলা খাদ্য নিয়ন্ত্রকরা। সভায় আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা, তা বাস্তবায়ন এবং খাদ্যবান্ধব কর্মসূচি সফলভাবে পরিচালনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন