সোনার দাম ভরিতে কমলো ১৪ হাজার

পদ্মাইমস ডেস্ক: টানা পাঁচ দফা দাম বৃদ্ধির পর অবশেষে দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভরিপ্রতি সর্বোচ্চ ১৪ হাজার ৬০০ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। এতে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম কমে ভরিতে ২ লাখ ৭১ হাজার ৩৬৩ টাকায় নেমে এসেছে।
এর আগে বৃহস্পতিবার সোনার দাম বেড়ে ভরিতে ২ লাখ ৮৬ হাজার টাকায় পৌঁছায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম ছিল।
শুক্রবার (৩০ জানুয়ারি) বাজুসের এক বিজ্ঞপ্তিতে নতুন দামের তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ১০টা ৪৫ মিনিট থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুস জানায়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় দেশের বাজারেও সোনার দাম সমন্বয় করা হয়েছে।
এদিকে আন্তর্জাতিক বাজারেও সোনার দামে বড় ধরনের দরপতন দেখা গেছে। স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম নেমে এসেছে ৫ হাজার ২০০ ডলারে। যা আগের দিন ৫ হাজার ৫৫০ ডলারেরও বেশি ছিল।
দেশের বাজারে সোনার নতুন দাম
২২ ক্যারেট: ভরিপ্রতি ২,৭১,৩৬৩ টাকা
২১ ক্যারেট: ভরিপ্রতি ২,৫৯,০০০ টাকা
১৮ ক্যারেট: ভরিপ্রতি ২,২২,০২৪ টাকা
সনাতন পদ্ধতি: ভরিপ্রতি ১,৮২,৮৩৩ টাকা
রুপার দামও কমেছে
সোনার দামের সঙ্গে সঙ্গে রুপার দামও কমানো হয়েছে। নতুন দর অনুযায়ী—
২২ ক্যারেট রুপা: ভরিপ্রতি ৭,৭৫৭ টাকা
২১ ক্যারেট রুপা: ভরিপ্রতি ৭,৪০৭ টাকা
১৮ ক্যারেট রুপা: ভরিপ্রতি ৬,৩৫৭ টাকা
সনাতন পদ্ধতি: ভরিপ্রতি ৪,৭৮২ টাকা
বাজার সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার প্রভাব সরাসরি দেশের স্বর্ণবাজারে পড়ছে। সামনে পরিস্থিতি অনুযায়ী সোনার দামে আরও পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।




