সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩ ভূমিকম্প, ঝুঁকিতে বাংলাদেশেও

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬; সময়: ১১:৪২ am | 
খবর > আন্তর্জাতিক

পদ্মাটাইমস ডেস্ক: ভারতের সিকিমে সাড়ে চার ঘণ্টার মধ্যে পরপর ১৩টি ভূমিকম্প আঘাত হেনেছে। এসব কম্পনের প্রভাব বাংলাদেশেও অনুভূত হয়েছে, বিশেষ করে ঠাকুরগাঁও ও দিনাজপুর অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে সিকিমের গেলসিং এলাকায় প্রধান ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৫ এবং উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।

প্রধান কম্পনের পর একের পর এক আফটারশক রেকর্ড করা হয়। মঙ্গন এলাকায় ৭টি, নামচিতে ৪টি এবং গ্যাংটকে ৩.১ মাত্রার একটি ভূমিকম্প ধরা পড়ে। হঠাৎ ধারাবাহিক কম্পনে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই মাঝরাতে হোটেল ও ঘরবাড়ি ছেড়ে বাইরে নিরাপদ স্থানে অবস্থান নেন। তবে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

এদিকে বাংলাদেশ সময় রাত প্রায় ১টা ৪০ মিনিটের দিকে ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়। অনেকের ঘুম ভেঙে যায় এবং কেউ কেউ নিরাপত্তার জন্য ঘর থেকে বাইরে বের হয়ে আসেন।

ঠাকুরগাঁও শহরের গোয়ালপাড়া এলাকার কয়েকজন বাসিন্দা জানান, কয়েক সেকেন্ডের জন্য ঘরবাড়ি ও আসবাবপত্র কেঁপে ওঠে। কম্পনের স্থায়িত্ব অল্প হওয়ায় কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জেলার সদর, পীরগঞ্জ, রানীশংকৈল ও বালিয়াডাঙ্গীসহ বিভিন্ন উপজেলায় কম্পন টের পাওয়ার কথা জানা গেছে। একইভাবে দিনাজপুরের কয়েকটি এলাকাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন স্থানীয়রা।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন