রাজশাহী-১ আসনে পুনরায় ভোট গণনা চান পরাজিত বিএনপি প্রার্থী

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে ১ হাজার ৮৮৪ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন বিএনপির প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন। এ আসনে মোট ৭ হাজার ৭৮৬টি ভোট বাতিল হয়েছে। বিপুলসংখ্যক ভোট বাতিল হওয়াকে কেন্দ্র করে ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তিনি ভোট পুনর্গণনার দাবি জানিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন। আবেদন পাওয়ার পর রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার বিষয়টি নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের কাছে চিঠি পাঠিয়েছেন।
রাজশাহী-১ আসনে বিজয়ী হয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৭৮৬। আর শরীফ উদ্দীন পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯০২ ভোট।
লিখিত আবেদনে শরীফ উদ্দীন উল্লেখ করেন, নির্বাচনে প্রায় ৮ হাজার ভোট বাতিল ঘোষণা করা হয়েছে, যা অস্বাভাবিক ও প্রশ্নবিদ্ধ। তিনি দাবি করেন, ভোটের দিন কিছু কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তাদের ভূমিকা পক্ষপাতদুষ্ট ছিল। একই ইউনিয়ন বা এলাকার অন্যান্য কেন্দ্রে বিএনপি প্রার্থী উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে থাকলেও কয়েকটি নির্দিষ্ট কেন্দ্রে ফলাফলে অস্বাভাবিক পরিবর্তন দেখা গেছে। এতে নির্বাচনী ‘ইঞ্জিনিয়ারিং’-এর আলামত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে বিএনপি প্রার্থীর পক্ষ থেকে দলের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানো হয়, অনিয়মের বিষয়ে তাদের কাছে দলিলভিত্তিক প্রমাণ রয়েছে। বাতিল ভোট ও সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর অনিয়মের নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত ঘোষিত ফলাফল প্রত্যাখ্যানের ঘোষণা দেওয়া হয়।
একই সঙ্গে নেতা-কর্মী ও সমর্থকদের শান্ত, ধৈর্যশীল ও সংযত থাকার আহ্বান জানিয়ে বলা হয়, আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমেই অধিকার প্রতিষ্ঠার চেষ্টা চলবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সবাইকে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে।




